কোথায় হারালেন গোটশে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই ছবিটা বিশ্বকাপের সময়ের। তবে এরপর থেকে তাঁর ক্যারিয়ার যেভাবে এগোচ্ছে, তা মারিও গোটশে হয়তো দুঃস্বপ্নেও ভাবেননি l ফাইল ছবি
এই ছবিটা বিশ্বকাপের সময়ের। তবে এরপর থেকে তাঁর ক্যারিয়ার যেভাবে এগোচ্ছে, তা মারিও গোটশে হয়তো দুঃস্বপ্নেও ভাবেননি l ফাইল ছবি

‘যাও, পুরো বিশ্বকে দেখিয়ে দাও তুমি মেসির চেয়েও ভালো।’
মারিও গোটশের কাছে কথাগুলোকে কি এখন দূর অতীতের স্মৃতি মনে হয়?
২০১৪ বিশ্বকাপ ফাইনালের অতিরিক্ত সময়ে মাঠে নামার সময় তাঁকে কথাগুলো বলেছিলেন জার্মানি কোচ জোয়াকিম লো। মাঠে নেমে ঠিক তা-ই করেছিলেন সেই সময় ২১ বছর বয়সী গোটশে, মেসি ও তাঁর আর্জেন্টিনাকে দর্শক বানিয়ে দিয়ে দুর্দান্ত গোল করে জার্মানিকে জেতান বিশ্বকাপ!
‘ফাস্ট ফরোয়ার্ড’ করে তিন বছর পর বর্তমানে আসুন, জার্মান মিডফিল্ডার প্রায় বিস্মৃত। ফর্মের সঙ্গে লড়াইয়েই কুলিয়ে উঠছেন না, তার মধ্যে বারবার হানা দিচ্ছে বেয়াড়া চোট! পায়ের চোট নিয়ে গত এক মাস ছিলেন মাঠের বাইরে। এখন শোনা যাচ্ছে, পরিপাকতন্ত্রের জটিলতায় মাঠের বাইরে থাকতে হবে আরও কিছুদিন। কত দিন, সেটি ডর্টমুন্ডও নিশ্চিত করতে পারেনি।
চোট আর ফর্মের সঙ্গে লড়াই তাঁর জন্য নতুন নয়। বায়ার্ন মিউনিখে তিন বছরের দুঃস্মৃতির অধ্যায়ে শেষ টেনে দিয়ে এই মৌসুমে ফিরেছেন শৈশবের ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডে। কিন্তু যেখান থেকে সবকিছুর শুরু, সেখানে এসেও ভাগ্য আর হাসছে না। ২০১৪ সালে বিশ্বসেরার খেতাব নিয়ে মেসির সঙ্গে লড়াই হতো, এখন সেখানে রয়েস-ডেমবেলে-পিউলিসিচদের সঙ্গে লড়ছেন ডর্টমুন্ড একাদশে জায়গা পেতে। তাতে হারই বেশি। সব প্রতিযোগিতা মিলিয়ে ডর্টমুন্ডের জার্সিতে ১৬ ম্যাচ খেলেছেন, গোল মাত্র দুটি!
কদিন আগে গোটশেকে নিয়ে নিজের হতাশা জানান জার্মান কিংবদন্তি লোথার ম্যাথাউসও, ‘সত্যি বলতে, একটু জঘন্য শোনাবে, তবে ও যদি ডর্টমুন্ডে ঠিকমতো গুছিয়ে উঠতে না পারে, তাহলে ওকে চীনে যেতে হতে পারে! (ডর্টমুন্ডের চিরপ্রতিদ্বন্দ্বী) শালকেতে ও যেতে পারবে না, লেভারকুসেনে ও মানিয়ে নিতে পারবে না, আর মনশেনগ্লাডবাখ ওর দাম দিতে পারবে না। বিদেশি বড় ক্লাবগুলোরও ইচ্ছা-তালিকায়ও ও আর নেই। নিজেকে বদলাতেই হবে ওর।’
তবে ডর্টমুন্ড এখনো গোটশের পাশেই আছে। ক্লাবের প্রধান নির্বাহী হান্স-জোয়াকিম ওয়াসকে অন্তত গোটশের ফর্ম হারানোর কারণ খুঁজে পেয়েই খুশি, ‘মারিওর কোথায় সমস্যা হচ্ছে, সেটি তো জেনেছি। আমাদের পুরো বিশ্বাস আছে, ও চোট কাটিয়ে ফিরে নিজের অবিশ্বাস্য দক্ষতা দিয়ে আমাদের বাড়তি সুবিধা এনে দেবে।’
সত্যিই কি আগের সেই দুর্দান্ত ফর্মে ফিরতে পারবেন গোটশে? এএফপি।