কোথায় হারালেন সেই ফ্যালকাও?
দুই বছর আগে ব্রাজিল বিশ্বকাপের আগে কলম্বিয়াজুড়ে হাহাকারটা কারও মনে আছে? চোটের জন্য বিশ্বকাপে খেলা হয়নি রাদামেল ফ্যালকাওয়ের, পুরো কলম্বিয়ায় সেটা নিয়ে কী হাপিত্যেশ! অথচ সেই ফ্যালকাও এবার কোপা আমেরিকার ৪০ জনের দলেই নেই! একসময় ছিলেন ইউরোপিয়ান ফুটবলের ভয়ংকরতম স্ট্রাইকারদের একজন, এখন প্রথম একাদশেই তাঁর জায়গা হয় না।
চার বছর আগে উয়েফা সুপার কাপের ফাইনালটা এত তাড়াতাড়ি কারও ভুলে যাওয়ার কথা নয়। অ্যাটলেটিকোর হয়ে ওই ম্যাচে চেলসির বিপক্ষে দুর্দান্ত একটা হ্যাটট্রিক করেছিলেন। কে জানত, চার বছর পর সেই চেলসিতেই নিজেকে হারিয়ে খুঁজবেন!
অথচ ৩০ তো এমন কোনো বয়সই নয়। রোনালদোরা এই বয়সে গোলের পর গোল করে যাচ্ছেন। আর সেখানে ফ্যালকাও যে চেলসিতে খেলেন, সেটা অনেকেই বোধ হয় ভুলে বসে আছেন। এই মৌসুমে চেলসির প্রথম একাদশে ছিলেন মাত্র দুটি ম্যাচে। সব মিলিয়ে মাত্র ১০টি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন, তাতে গোল মাত্র ১টি। গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তাও ১৪টি ম্যাচে শুরু থেকে খেলতে পেরেছিলেন। কিন্তু ২৬টি ম্যাচে গোল করেছিলেন মাত্র চারটি। ফ্যালকাও কেন, সাধারণ কোনো স্ট্রাইকারের নামের পাশেও যা বড্ড বেশি বেমানান।
অথচ চার বছর আগেও অ্যাটলেটিকোর হয়ে এক মৌসুমে করেছিলেন ৩৪ গোল। ২০১৩-১৪ মৌসুমে মোনাকো যখন ছয় কোটি ইউরোরও বেশি খরচ করে তাঁকে দলে এনেছিল, সবাই ভেবেছিল ফ্রেঞ্চ ক্লাবটি ঠিক জায়গাতেই টাকা ঢেলেছে। অভিষেক মৌসুমে একেবারে খারাপ করেননি, করেছিলেন ১১টি গোল। কিন্তু পরের মৌসুমের মাঝপথেই অঘটন, হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে ছয় মাসের জন্য মাঠের বাইরে। সেই চোট কাটিয়ে ফেরার পর ফ্যালকাও যেন গোল করাই ভুলে গেছেন!
ফ্যালকাও জানেন, একটু একটু করে বিস্মৃতিতে হারিয়ে যাচ্ছেন। সে জন্য এখন নিয়মিত খেলতে চান। তবে এ-ও জানেন, এই চেলসিতে তাঁর সুযোগ বলতে গেলে শেষ। নতুন কোচ আন্তোনিও কন্তে এর মধ্যেই হিগুয়েইন, কাভানি, লুকাদের ব্যাপারে খোঁজ নিচ্ছেন বলেও গুঞ্জন। ফ্যালকাও গত জানুয়ারিতেই আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটে পাড়ি জমাতে চেয়েছিলেন। কিন্তু রিভারের বিদেশি খেলোয়াড়ের কোটা পূরণ হয়ে যাওয়ায় পারেননি। কোপা আমেরিকায় কলম্বিয়া দল থেকে বাদ পড়াটাও মেনে নিয়েছেন, ‘নিয়মিত খেলতে পারছি না, দলে সুযোগ পাওয়ার আশা তাই কীভাবে করি? তবে আমি অলিম্পিকে খেলতে চাই।’ এ মুহূর্তে সেটিকেও মনে হচ্ছে দুরাশা!
তবে ফ্যালকাও এই দুঃসময়ে প্রেরণা নিতে পারেন একজনের কাছ থেকে। ফার্নান্দো তোরেসের গল্পটা তো ফ্যালকাওয়ের মতোই। লিভারপুল থেকে রেকর্ড গড়ে চেলসিতে এসেছিলেন তোরেস, কিন্তু স্টামফোর্ড ব্রিজে কয়েকটা বছর দুঃস্বপ্নের মতো কেটেছে। তার চেয়েও কাকতালীয়, ফ্যালকাওয়ের মতো তোরেসকে ফুটবল-বিশ্ব চিনেছে অ্যাটলেটিকোতেই। এর পর এসি মিলানেও খাবি খাওয়ার পর মনে হচ্ছিল, তোরেস ফুরিয়েই গেছেন। কিন্তু এই মৌসুমে ৩২ বছর বয়সে নিজেকে যেন আবার ফিরে পেয়েছেন। সিমিওনের অ্যাটলেটিকোতে সেই তোরেসই এখন আগের চেহারায়।
তোরেস যদি পারেন, ফ্যালকাও কেন পারবেন না? গোলডটকম।