কোন একাদশ নিয়ে নামছে রিয়াল মাদ্রিদ?

চোট কাটিয়ে ক্রুস ফিরেছেন রিয়ালের একাদশেছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাসেমিরো নিষেধাজ্ঞায় খেলতে পারবেন না—পিএসজির মাঠে প্রথম লেগে কাসেমিরো হলুদ কার্ড দেখার পর থেকেই সম্ভবত এ নিয়ে দুশ্চিন্তা শুরু হয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ ভক্তদের। সেদিন আবার হলুদ কার্ড দেখে নিষেধাজ্ঞার খাঁড়ায় পড়েছেন লেফটব্যাক বেঞ্জামিন মেন্দিও।

এ তো গেল নিষেধাজ্ঞা, নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আজ বাংলাদেশ সময় রাত দুইটায় যখন পিএসজির বিপক্ষে শেষ ষোলোর দ্বিতীয় লেগে খেলতে নামবে রিয়াল, তার আগে তাদের দুশ্চিন্তায় ভুগিয়েছে চোটও। মিডফিল্ডার টনি ক্রুসও ছিলেন চোটে, রাইটব্যাক দানি কারভাহালও।

তবে রিয়াল ভক্তদের কিছুটা দুশ্চিন্তামুক্ত করেছে রিয়াল মাদ্রিদের টুইট। একটু আগে একাদশ জানিয়েছে রিয়াল, চোট কাটিয়ে একাদশে থাকছেন ক্রুস। কারভাহালও ফিট হয়ে একাদশে জায়গা পেয়েছেন।

রইল বাকি লেফটব্যাক আর ডিফেন্সিভ মিডফিল্ড নিয়ে ঝামেলা। সেটির জন্য রিয়াল কোচ কার্লো আনচেলত্তি একটু ভিন্ন পথে হাঁটছেন। এই মৌসুমে সেন্টারব্যাকে নিয়মিত জুটিটা ভাঙতে যাচ্ছেন।

বায়ার্ন মিউনিখে চুক্তি শেষে এই মৌসুমে রিয়াল মাদ্রিদে যাওয়া ডেভিড আলাবা তো লেফটব্যাকেও খেলতে পারেন, তাঁকে সেখানে দিয়ে সেন্টারব্যাকে এদের মিলিতাওয়ের সঙ্গে নাচো ফার্নান্দেজকে খেলাচ্ছেন আনচেলত্তি।

মাঝমাঠে ক্রুস ফেরায় কপাল পুড়ছে লিগে সর্বশেষ ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে আলো ছড়ানো, গোল করা এদুয়ার্দো কামাভিঙ্গার। তিনি বেঞ্চেই থাকছেন।

আর কাসেমিরোর জায়গা কে নিচ্ছেন? রিয়ালে কাসেমিরোর বিকল্প কোনো ডিফেন্সিভ মিডফিল্ডার না থাকা নিয়ে তো মৌসুমের শুরু থেকেই আলোচনা ছিল, আজ পিএসজির বিপক্ষে আপাতত কাজ চালানো হচ্ছে ফেদেরিকো ভালভার্দেকে দিয়ে।

অফুরন্ত প্রাণশক্তি উরুগুইয়ান মিডফিল্ডারের, রিয়াল মাদ্রিদের ভক্তও তিনি। মাঝমাঠে যে সবটুকু দিয়ে দৌড়াবেন ভালভার্দে, এ নিয়ে সংশয় সামান্যই। কিন্তু কাসেমিরোর মতো পজিশনিং আর বল কেড়ে নেওয়ার ক্ষমতা তো নেই তাঁর। সে ক্ষেত্রে হয়তো ভালভার্দে ও ক্রুসকে ‘ডাবল পিভট’ রেখে তাঁদের সামনে মদরিচকে খেলাতে পারেন আনচেলত্তি।

রিয়ালের আক্রমণে করিম বেনজেমা ও ভিনিসিয়ুস জুনিয়রের খেলা নিয়ে সংশয় কারওই নেই। কিন্তু তাঁদের পাশে অন্যজন কে হবেন, সেটি নিয়ে সংশয় ছিল। স্প্যানিশ দৈনিক এএস বলছিল, আসেনসিওকে খেলানো হতে পারে। আবার মাঝমাঠ আর আক্রমণে যোগযোগ ঠিক রাখতে, মদরিচের কাজের ভার কমাতে ব্রাজিলিয়ান প্লেমেকার রদ্রিগোকে খেলানোর গুঞ্জনও শোনা গিয়েছিল। শেষ পর্যন্ত আসেনসিওকেই নামাচ্ছেন আনচেলত্তি।

সম্ভাব্য একাদশ: কোর্তোয়া, কারভাহাল, মিলিতাও, নাচো, আলাবা, ভালভার্দে, ক্রুস, মদরিচ, আসেনসিও, বেনজেমা ও ভিনিসিয়ুস।