ব্রাজিলের যেসব মাঠে এবার কোপা আমেরিকার ম্যাচগুলোর হচ্ছে, বেশ বেহাল দশা সেগুলোর।
এবড়োখেবড়ো মাঠ, পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থাও নেই। ফলে খেলোয়াড়দের খেলতে বেশ কষ্ট হচ্ছে। মাঠ নিয়ে এর আগে আকারে-ইঙ্গিতে নিজের অসন্তুষ্টি জানিয়েছিলেন ব্রাজিলের কোচ তিতে। তবে অত বেশি মুখ খুলছেন না, পাছে কনমেবল জরিমানা করে বসে!
কিন্তু তাঁর দলের সবচেয়ে বড় তারকা নেইমারের অবশ্য অত ভয়ডর নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে হোক, মিডিয়ার সামনে হোক, বেশ নিয়মিতই মাঠের অবস্থা নিয়ে বিরক্তি প্রকাশ করে যাচ্ছেন।
গতদিন যেমন, সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে দুটি ছবি কোলাজ করে পোস্ট করেছেন। একটি ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামের ছবি, আরেকটা সাধারণ একটা মাঠের ছবি। এরপর ঠাট্টাচ্ছলে অনুসারীদের জিজ্ঞেস করেছেন, 'বলুন তো, ব্রাজিল পরের ম্যাচে এই দুই মাঠের মধ্যে কোনটায় খেলবে?'
বলা বাহুল্য, কথায় ঠাট্টার সুর থাকলেও ভেতরে-ভেতরে মাঠের পরিস্থিতি নিয়ে নেইমার যে বেশ খেপে আছেন, এটা তারই বহিঃপ্রকাশ।
এর আগেও নেইমার মাঠ নিয়ে সমালোচনা করেছেন। পেরুর বিপক্ষে ৪-০ গোলে জেতা ম্যাচে একটি গোল করেছিলেন নেইমার। গোল উদ্যাপনের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন, 'গতকালের গোল উদ্যাপন করছি এঞ্জেনহাও'র অসাধারণ লন পিচের ওপর।’ কথাটা যে তিনি ব্যঙ্গ করেই বলেছেন, সেটা বলা বাহুল্য।
ম্যাচটা হয়েছিল রিও ডি জেনিরোর এস্তাদিও অলিম্পিকো নিলতন সান্তোসে। কাকতালীয়ভাবে চিলির বিপক্ষে কোয়ার্টার ফাইনালেও ব্রাজিল এই মাঠেই নামবে।
নেইমারের মেজাজ খারাপ তো থাকবেই!