কোপায় ফিরল গোলের উত্তেজনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাফায়েল মার্কেজের গোল উদ্‌যাপন। পরশু উরুগুয়ের বিপক্ষে জিতেছে তাঁর দল মেক্সিকো l এএফপি
রাফায়েল মার্কেজের গোল উদ্‌যাপন। পরশু উরুগুয়ের বিপক্ষে জিতেছে তাঁর দল মেক্সিকো l এএফপি

প্রথম পাঁচ ম্যাচে মাত্র চারটি গোল। দুটিই আবার গোলশূন্য ড্র। স্নায়ুক্ষয়ী কোনো ম্যাচ নেই, নেই স্মরণীয় কোনো মুহূর্ত—কোপা আমেরিকা যেন ম্যাড়মেড়ে একটা টুর্নামেন্টের আদর্শ বিজ্ঞাপন। কাল মেক্সিকো-উরুগুয়ে ম্যাচটা কিছুটা প্রাণ ফিরিয়ে আনল ধুঁকতে থাকা কোপায়। ভুল জাতীয় সংগীত, দুজনের লাল কার্ড, শেষ দিকে দুর্দান্ত গোল, ম্যাচ শেষে উত্তেজনা, গ্যালারিতে বোতল ছোড়াছুড়ি—একটা ম্যাচে এর চেয়ে বেশি উত্তেজনার উপাদান আর কী চাইতে পারতেন? উরুগুয়েকে ৩-১ গোলে হারিয়ে কোপা আমেরিকায় মেক্সিকোর শুরুটাও বোধ হয় এর চেয়ে ভালো হতে পারত না!
ম্যাচের ৪ মিনিটেই এগিয়ে যায় মেক্সিকো। আন্দ্রেস গুয়ার্দাদোর ক্রস ক্লিয়ার করতে গিয়ে উল্টো নিজেদের জালে জড়িয়ে দেন উরুগুয়ের আলভারো পেরেইরা। প্রথমার্ধে সুযোগ পেয়েও আর গোল করতে পারেনি কোনো দল।
দ্বিতীয়ার্ধের আগেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন উরুগুয়ের মাতিয়াস ভেসিনো। ১০ জনের দল নিয়েও উরুগুয়ে অবশ্য ভালোই খেলছিল। ডিয়েগো রোলান সমতা ফেরানোর দারুণ একটা সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। ৭৪ মিনিটে মেক্সিকোও ‘সমতায়’ চলে আসে, দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন গুয়ার্দাদো। ওই ফ্রি-কিক থেকেই হেডে গোল করে ১-১ করেন অ্যাটলেটিকোর উরুগুইয়ান ডিফেন্ডার ডিয়েগো গডিন।
ম্যাচটাও এভাবেই শেষ হবে বলেই মনে হচ্ছিল। কিন্তু ৮৫ মিনিটে ৩৭ বছর বয়সী ডিফেন্ডার রাফায়েল মার্কেজের দারুণ এক শটে আবার এগিয়ে যায় মেক্সিকো। ৯০ মিনিটে হেক্টর হেরেরা আরও এগিয়ে দেন মেক্সিকোকে। ম্যাচের শেষ ৬ মিনিটেই ম্যাচের কী রং বদল!
তবে শেষ বাঁশির পর রেফারিকে ঘিরে ধরেন উরুগুয়ের কাভানি-গডিনরা। আগের সিদ্ধান্তের প্রতিবাদ করেছেন। কিন্তু এর আগেই কোপায় সবচেয়ে বেশিবারের চ্যাম্পিয়নদের বড় হার নিশ্চিত হয়ে গেছে! এএফপি।