ইউরোর নকআউট পর্ব আগেই শুরু হয়েছে। কাল থেকে শুরু হচ্ছে কোপা আমেরিকার নকআউট পর্বও। দর্শকের মতো রাত জেগে বাংলাদেশ থেকে এ দুটি টুর্নামেন্টেই চোখ রাখছেন ফুটবলাররাও। সেই দেখা থেকেই বিশ্লেষণ করছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম
আজকের রাতটা ফুটবলময়। ইউরোর পর কোপা—দারুণ দারুণ সব ম্যাচ। প্রথমে স্পেন-সুইজারল্যান্ড, এরপর ইতালি-বেলজিয়াম। ভোরে কোপায় ব্রাজিল-চিলি ম্যাচ। রাতটা জাগতেই হবে। তবে আমি রোমাঞ্চিত।
কোপা দিয়েই শুরু করি। এবারের কোপায় চিলির এই দল অভিজ্ঞ, প্রজন্মের সেরা দলই। সর্বশেষ কোপায় চ্যাম্পিয়ন তারা। ক্লদিও ব্রাভো, এদুয়ার্দো ভার্গাসদের সঙ্গে বেশ সতর্ক হয়েই খেলতে হবে ব্রাজিলকে। আসলে কোপায় উরুগুয়ে, চিলি, ব্রাজিল, আর্জেন্টিনা—এই দলগুলোর মুখোমুখিতে কেউ এগিয়ে থাকে না। কিন্তু এখানে নেইমারের কারণে ব্রাজিলকে কিছুটা এগিয়ে রাখতে হচ্ছে। কারণ, অনেক ম্যাচেই এবার নেইমার ব্যবধান গড়ে দিয়েছেন। তাঁকে সাহায্য করার মতো ফুটবলারও ব্রাজিল দলে অনেক আছেন। তাই চিলির জন্য চ্যালেঞ্জের হবে ম্যাচটা। ব্রাজিল কোপায় দারুণ খেলেছে এখন পর্যন্ত। তারা যে খেলা খেলেছে, আর্জেন্টিনা বা উরুগুয়ে তা পারেনি। আমি তো কোপায় ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখছি। তারপরও ফুটবল এমন এক জায়গায় পৌঁছে গেছে, কেউ বলতে পারবে না কোন ম্যাচে কে জিতবে, কে হারবে। পেরুর বিপক্ষে প্যারাগুয়ে ফেবারিট। এখন পর্যন্ত এদের যত ম্যাচ দেখেছি, সবই ভালো লেগেছে।
এবার আসি ইউরোর প্রসঙ্গে। গ্রুপ পর্বে স্পেনের খেলা দেখলে মোটেও মনে হয়নি যে ওরা একসময়ের বিশ্ব চ্যাম্পিয়ন বা ইউরো চ্যাম্পিয়ন। ওদের খেলা দেখে বোঝা যাচ্ছিল না যে ওরা ফেবারিট! এমনকি দলটি যে চ্যাম্পিয়ন হতে এসেছে, সেটিও মনে হচ্ছিল না। কিন্তু নকআউট পর্বে বদলে যাওয়া এক স্পেনকেই দেখেছি। ক্রোয়েশিয়াকে হারিয়েছে ৫-৩ গোলে। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের শুরু থেকে স্প্যানিশদের শরীরী ভাষাই সবকিছু বলে দিচ্ছিল। দলটা যে শিরোপা জিততেই এসেছে, সেটি এ ম্যাচেই প্রথম মনে হয়েছে। ক্রোয়েশিয়ার কথা আর কী বলব! একসময় যারা ৩-১ গোলে পিছিয়ে ছিল, সেই দলই কিনা যেভাবে ঘুরে দাঁড়িয়ে স্কোরলাইন ৩-৩ করল, সেটা অবিশ্বাস্য! তাদের টিম স্পিরিট ছিল দেখার মতো।
এখানে আমি আলাদাভাবে আলভারো মোরাতার কথা বলতেই পারি। তিনি রিয়াল মাদ্রিদ, চেলসির মতো বড় ক্লাবে খেলেছেন। এখন খেলছেন জুভেন্টাসে। এবার গ্রুপ পর্বে সুযোগ নষ্ট করে খলনায়ক হয়ে উঠেছিলেন। পেনাল্টি নষ্ট করায় মোরাতাকে, ওর সন্তানদের মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে। এই মানসিক চাপ সামলে তিনি ক্রোয়েশিয়ার বিপক্ষে অসাধারণ খেললেন, গুরুত্বপূর্ণ সময়ে গোল করে দলকেও জেতালেন। আমি তো মনে করি স্পেন ‘নাম্বার নাইন’ পজিশনে দারুণ এক স্ট্রাইকার পেয়ে গেছে।
স্পেনের ফিনিশিংয়ের অভাব ছিল, মোরাতা এসে সেই অভাব পূরণ করে দিয়েছেন। তাঁর ওপর আলাদা করে চোখ থাকবে আমার। সুইজারল্যান্ডকে যেভাবে ফিরে আসার সুযোগ দিয়েছে ফ্রান্স, সেটা যেন স্পেন না দেয়। যদিও এই সুইজারল্যান্ডে আছেন জারদান শাকিরি, গ্রানিত জাকা। শাকিরি প্রতিপক্ষের রক্ষণে প্রতিটি ম্যাচেই ত্রাস ছড়িয়েছে। কিন্তু বিশ্ব ফুটবলে এখন কেউ নির্দিষ্ট কোনো ফুটবলারকে নিয়ে ভাবে না। যদি দলের শেপ ঠিক থাকে, কাউন্টার অ্যাটাক ভালো হয়, সেই সঙ্গে ফিনিশংটা ঠিকঠাক হয়, তাহলেই একটা দলকে ভালো দল বলা যায়।
এবারের ইউরোতে ইংল্যান্ড বনাম জার্মানি, বেলজিয়াম বনাম পতুর্গালের পর ইতালি-বেলজিয়াম হবে ইউরোর সেরা ম্যাচ। র্যাঙ্কিংয়ে শীর্ষে বেলজিয়াম। কিন্তু ইতালি গ্রুপ পর্বে খুব ভালো পারফরম্যান্স করেছে। এই বেলজিয়ামের আতঙ্কের নাম হতে পারে একটিই—রবার্তো মানচিনি। এই অভিজ্ঞ কোচই বলা যায় ইতালির ‘এক্স ফ্যাক্টর’। বেলজিয়ামের কোচ রবার্তো মার্তিনেজের জন্য তাই কাজটা মোটেও সহজ হবে না।
ইতালি সব সময় রক্ষণাত্মক ফুটবল খেলে। ওদের এই রক্ষণ সহজে কেউ ভাঙতে পারে না। ইতালি আর বেলজিয়ামের খেলার কৌশল একেবারে ভিন্ন। ইতালি রক্ষণাত্মক খেলে সেটা তো সবাই জানে, বেলজিয়াম খেলে প্রতি–আক্রমণে। এই ম্যাচ তাই আমার চোখে ফিফটি–ফিফটি, যে কেউ জিততে পারে। অবশ্য চোটে থাকা ব্রুইনা বা হ্যাজার্ড যদি আজ না খেলতে পারে, ইতালির জন্য সেটা হবে বাড়তি সুবিধা।