
কোপেনহেগেনের জীবনে ফিরে যেতে আর আগ্রহ পান না। মা-বাবা যতই ডাকুন, ‘খোকা বাড়ি আয়। বিয়ে কর। বাংলাদেশে পড়ে থাকার দরকার কী! তোকে যখন জাতীয় দল থেকে বাদই দিয়েছে, এবার সিদ্ধান্ত বদলে ফেল।’ কিন্তু জামাল ভূঁইয়া যাবেন না। এখনো বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখেন তিনি।
বাংলাদেশ জাতীয় দল একটু ভালো করবে, একটু আনন্দ হবে সবার—এটুকুই চান জামাল। ২০১৩ কাঠমান্ডু সাফে নেপালের বিপক্ষে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক। তিন বছর টানা খেলেছেন, অনেকের চোখেই জাতীয় দলে সবচেয়ে ধারাবাহিক ফুটবলার এই ডিফেন্সিভ মিডফিল্ডার। কিন্তু টম সেন্টফিট এসে জামালকে বাদ দেওয়ায় হঠাৎ ছন্দপতন!
চট্টগ্রামের হোটেলে বসে জামাল কাঠগড়ায় তুললেন টমকে, ‘টম বলল, আমি নাকি স্লো। একদিন সালাউদ্দিন ভাই আমাকে আর হেমন্তকে ডাকলেন ফেডারেশনে। সভাপতির রুমে বসে ফাইট করলাম টমের সঙ্গে। আমি আর সালাউদ্দিন বাংলায় কথা বলছিলাম। সালাউদ্দিনকে বলি, এই লোক নিজেকে লিজেন্ড মনে করে। মালদ্বীপের কাছে সে পাঁচ গোল খেয়েছে। সে আসলে কিছুই না। সেটা প্রমাণ হয়েছে।’
ভুটানের কাছে হেরে বাংলাদেশ এখন নির্বাসনে। এ জন্য টমকেও দায়ী করেন ২৬ বছর বয়সী জামাল। থিম্পুতে জীবন-মরণ ম্যাচ নিয়ে বলেন, ‘ভুটানের কাছে হার দেখে খুব ক্ষুব্ধ ছিলাম। কয়েকজন ফুটবলারসহ ম্যাচটা দেখতে দেখতে চিৎকারও করছিলাম। ৩-১ গোলে হার, এ হতে পারে না।’
তাই জাতীয় দলের দুরবস্থায় আক্ষেপ শেখ রাসেলের এই ফুটবলারের কণ্ঠে। নিজে আবার জাতীয় দলে ফিরতে উদগ্রীব। ক্লাব ফুটবলেও বাংলাদেশেই থাকার ইচ্ছা বেশি, যদিও মালয়েশিয়া-ইন্দোনেশিয়ায় ট্রায়াল দেওয়ার প্রস্তাব আছে। জামাল বলে যান, ‘বাংলাদেশে যত সমস্যাই হোক, দেখি না সামনে কী অপেক্ষা করছে।’ ডেনমার্ক পৃথিবীর সুখী দেশগুলোর একটি, কলেজে পড়ার সময় মাসে এক হাজার ডলার ভাতা পেতেন, এসব এখন আর মনেই রাখেন না জামাল। কার তাঁর হৃদয়ে শুধু বাংলাদেশ।
তবে ডেনমার্কের বাড়ির কথা উঠলে তুলে আনেন ছোটবেলার স্মৃতি। তিন ছেলে জনি, জামিল ও জামাল ভূঁইয়াকে নিয়ে কষ্টের সংসারই ছিল বাবা ইনসান ভূঁইয়া ও মা রাজিয়া আক্তারের। এখন অবশ্য সচ্ছলতা ফিরেছে।
বাসার পাশেই ছিল মাদক বেচাকেনার সামাজ্র্য। ওই এলাকায় ফুটবল খেলতেন কিশোর জামাল। সেই সুবাদে বন্ধুত্ব গড়ে ওঠে অনেকের সঙ্গে। বন্ধুরা অনেকে জড়িয়ে পড়ে মাদক ব্যবসায়। জামালের গায়েও লাগে ওই বাতাস।
তখন ১৬ বছর বয়স। কলেজ ছুটির পর একদিন বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন মাদক বিক্রির এলাকা দিয়ে। ওই সময় মাদক কেনাবেচায় দুই পক্ষের গোলাগুলির মাঝখানে পড়ে চারটি গুলি বিঁধল জামালের বুক ও হাতে। সেই চিহ্ন এখনো তাঁর শরীরে। দুই বন্ধু গুলিবিদ্ধ। মাদক দলের একজন মারাও গেল। মাটিতে লুটিয়ে পড়া জামালকে দেখে অনেকে ভেবে নিলেন, ছেলেটিও বুঝি শেষ।
হাসপাতালের বিছানায় তিন-চার মাস কাটল। এরপর হুইলচেয়ার পেরিয়ে হাঁটা শুরু। সে কথা মনে করে বলেন, ‘হাসপাতালে শুয়ে ভাবতাম, আর বুঝি ফুটবলার হতে পারলাম না।’ কিন্তু তাঁর স্বপ্ন পূরণ হয়েছে। বিখ্যাত ডেনিশ ফুটবলার মাইকেল লাউড্রপের ছেলের সঙ্গে দুই বছর খেলাটা বৃথা যায়নি। পাড়ার বন্ধুদের একজন এখন স্প্যানিশ ক্লাব সেল্টা ভিগোতে খেলেন। জামালও খুশি, তিনিও তো পেশাদার ফুটবলার হয়েছেন!
ঢাকায় প্রথম দিকে তাঁর প্রচুর পানি খাওয়া দেখে স্থানীয় এক কোচ বলেছিলেন, ‘এই গরম আবহাওয়ায় সে খেলতে পারবে না।’ কিন্তু জামাল পেরেছেন। রহস্যটাও বলছেন, ‘ছোট থেকেই পরিশ্রমী আর চ্যালেঞ্জের জীবন পছন্দ করি।’
আরেকটা গল্প শোনালেন। একদিন ক্লাস শেষে জামাল ও তাঁর বন্ধুকে শাস্তি দিলেন শিক্ষক—দেয়ালের সামনে দাঁড়িয়ে থাকতে হবে চার ঘণ্টা। এটা শুনে স্যারকে ফাঁকি মেরে জামাল চম্পট! নিজেই বলেন, থাই বক্সিং করার সুবাদে নাকি কাউকে পরোয়া করতেন না। ছোটবেলায় ঘোড়দৌড়ে বাজি ধরতেন। চাইলেই বন্ধুরা দুই-তিন হাজার ডলারও দিয়ে দিত!
রোমাঞ্চকর এসব গল্পের ফাঁকে বলেন, ‘গুলিবিদ্ধ হওয়ার দিন দুই লাখ ডলার একসঙ্গে দেখেছি একটা ব্রিফকেসে। অনেক টাকা, পিস্তল, রাইফেল—এগুলো আমার জীবনে মামুলি ব্যাপার।’
তবে বাংলাদেশে এসে ঝাঁকের কই হননি, এটাই বড় কথা। বই পড়েন অবসরে। পছন্দের বই ইব্রাহিমোভিচের আত্মজীবনী। চীনের সংস্কৃতি নিয়ে পড়ছেন এখন। দুই মাস আগে আরব, মিসরীয় সংস্কৃতির বই পড়েছেন।
৩২ কিলো তরকারি!
মা-বাবা অনেক বছর বাংলাদেশে আসেন না। তবে এখন ডেনমার্ক যাওয়ার সময় বাংলাদেশের জিনিসপত্রে ভরা থাকে তাঁর ব্যাগ। মজা করে বলেন, ‘লাউ, কুমড়া, কলা, ভেন্ডি, পটোল...শেষবার ৩২ কিলো তরকারি নিয়েছিলাম মায়ের জন্য। মায়ের বন্ধু পান-সুপারি খান, তাই ওসবও নিতে হয়। বাবার জন্য চানাচুর।’
ঢাকার উত্তরায় বাবার তৈরি আটতলা একটি ভবন আছে তাঁদের, ওখানে নিজের একটি অ্যাপার্টমেন্টে মাঝে মাঝে যান জামাল। দুই-তিনবার যাওয়া হয়েছে গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাড়ির পাশেই জামালের বাড়ি। পাঁচ মিনিটের রাস্তা।
ক্রিকেট তেমন বোঝেন না, তবে সাকিব আল হাসানের সঙ্গে দেখা করে ব্যবসায়িক কিছু টিপস নিতে চান। জামালও ব্যবসায় বিনিয়োগ করছেন। এরই মধ্যে উত্তরায় একটি তৈরি পোশাক কারখানা খুলেছেন। ২৫ জন কর্মী আছেন। যেটির দেখাশোনা করেন তাঁরই এক আত্মীয়।