কোভাচেও কি আস্থা হারাচ্ছে বায়ার্ন?

>বায়ার্ন মিউনিখের কোচ হিসেবে মোটেও ভালো সময় যাচ্ছে না নিক কোভাচের
বায়ার্নের সুখের সংসারে দুঃখের আগুন লাগল বলে!
ইউরোপের ক্লাব ফুটবলে বর্তমানে অন্যতম সেরা স্কোয়াড বায়ার্ন মিউনিখের। তরুণ তারকাদের সঙ্গে অভিজ্ঞতার মিশেলে দলের অবস্থা আগের যেকোনো সময়ের থেকে ভালো। কিন্তু নতুন কোচের অধীনে দল যেন নিজেদের মেলে ধরতেই পারছে না। নিক কোভাচের নতুন ৬ নিয়মের বেড়াজালে আষ্টেপৃষ্ঠে বিদ্ধ বায়ার্ন মিউনিখ। তাতে ত্যক্তবিরক্ত হয়ে আয়াক্সের বিপক্ষে ড্রয়ের পর দলের ড্রেসিংরুম ছেড়েছেন হামেস রদ্রিগেজ।
মাঠের পারফরম্যান্সে বায়ার্ন মিউনিখের দলের অবস্থা খুব একটা ভালো না। শেষ তিন ম্যাচে জয়ের মুখ দেখেনি নিক কোভাচের দল। দুটি ড্রয়ের সঙ্গে হার্থা বার্লিনের বিপক্ষে হারে বুন্দেসলিগার শীর্ষস্থান হারাতে হয়েছে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে। সব মিলিয়ে কোনোভাবেই তার ওপর আস্থা রাখতে পারছেন না দলের খেলোয়াড়েরা, এমনকি অনেক সমর্থকও।
নিক কোভাচের মূল কাজ হলো ‘রোটেশন’ পদ্ধতি। তিনি দলে ঘন ঘন পরিবর্তন আনতে পছন্দ করেন। কিন্তু এতেই খেলোয়াড়দের চোখের বালি হয়েছেন কোভাচ। দলের রোটেশন পদ্ধতিতে সব খেলোয়াড় সমানভাবে সুযোগ পাবেন না, তা জানা কথা। কিন্তু গত মৌসুমের সেরা তারকাদের এ মৌসুম কাটাতে হচ্ছে বেঞ্চে বসে।
তাতে সন্তুষ্ট নন দলের সিনিয়র খেলোয়াড়েরা। গত তিন ম্যাচে খুব একটা সুযোগ পাননি গোল্ডেন বয় খ্যাত হামেস রদ্রিগেজ।
নিক কোভাচ সঙ্গে করে নিয়ে এসেছেন নতুন খেলার ট্যাকটিস। ইয়ুপ হেইকেন্সের বায়ার্ন মিউনিখ থেকে এই দলের খেলার স্টাইলে অনেক পার্থক্য। সুযোগ থাকা সত্ত্বেও হামেস-সান্দ্রোদের বেঞ্চে বসিয়ে ম্যাচ শুরু করছেন তিনি। ম্যাচেও ভালো ফলাফল আসছে না। তাই তার ওপর ক্ষিপ্ত সবাই।
জার্মানির মতো দেশে বায়ার্ন মিউনিখের মতো ক্লাবে খেলতে এসেও জার্মান ভাষাটি এখনো রপ্ত করেননি নিক কোভাচ। নিজের সহকর্মীদের সঙ্গে এখনো কথা বলেন নিজের মাতৃভাষা ক্রোয়েশিয়ানে। তা নিয়ে যথেষ্ট পরিমাণ বিরক্ত খেলোয়াড়েরা। তাঁদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে এখনো পারেন না কোচ।
তার ওপর আয়াক্সের বিপক্ষে ড্র করার পর ক্ষিপ্ত হয়েছেন খেলোয়াড়েরা। ড্রয়ের পর রাগে ক্ষিপ্ত হয়ে ড্রেসিংরুমে যান হামেস। কোচ তখনো ড্রেসিংরুমে আসেননি। তখন তিনি চিৎকার করে জার্মানে বলেন, ‘আমরা ফ্রাঙ্কফুর্ট নই।’ নিকো কোভাচ বায়ার্নের আগে ফ্রাঙ্কফুর্টের কোচ ছিলেন।
বায়ার্নের খেলোয়াড়দের সঙ্গে অবশ্য কোচদের মনোমালিন্য খুব একটা পুরোনো নয়। গত বছরই বায়ার্নের কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে দ্বন্দ্ব ছিল চরমে। যে কারণে আনচেলত্তিকে মাঝে চাকরিও ছেড়ে দিতে হয়। নিক কোভাচও একই ভাগ্য বরণ করতে যাচ্ছেন কি না, কে জানে?