কোভিডের প্রভাব এখনো টের পাচ্ছেন ডি ব্রুইনা
সময়টা কেমন যেন যাচ্ছে কেভিন ডি ব্রুইনার। চোট আর রোগ পিছু ছাড়ছে না তাঁর। মৌসুমের শুরুতে অ্যাঙ্কেল আর মুখাবয়বের চোটে পড়েছিলেন। সেটা থেকে সেরে উঠে মাঠে ফিরে ভালোই খেলছিলেন ম্যানচেস্টার সিটির বেলজিয়ান প্লেমেকার। কিন্তু এরপর আবার মাঠের বাইরে ছিটকে পড়েন রোগের কারণে। করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। করোনা থেকে সেরে উঠে মাঠে ফিরেছেন। কিন্তু করোনার ধকলটা এখনো টের পাচ্ছেন ডি ব্রুইনা।
৩০ বছর বয়সী ডি ব্রুইনা করোনার কারণে ম্যান সিটির হয়ে চারটি ম্যাচ খেলতে পারেননি। চার ম্যাচ পর মাঠে ফিরেছেন ডি ব্রুইনা। গত মঙ্গলবার লিডস ইউনাইটেডের বিপক্ষে ম্যান সিটির ৭–০ গোলের জয়ে জোড়া গোলও করেছেন। এর মধ্যে একটি গোল তো রীতিমতো গোলা ছিল, ঘণ্টায় ৭০ মাইল গতির এক শটে দ্বিতীয় গোল করেছেন এই মিডফিল্ডার। কিন্তু এই ম্যাচেই কখনো কখনো ডি ব্রুইনাকে দেখে কারও কারও মনে হতে পারে এখনো পুরো ফিট নন তিনি। দু–একবার তাঁকে বল ড্রিবলিংয়ের পর ক্লান্ত মনে হয়েছে।
তাঁকে কেন এমন মনে হচ্ছিল, সেই ব্যাখ্যা ম্যাচ শেষে ডি ব্রুইনা নিজেই দিয়েছেন। করোনা থেকে সেরে উঠলেও রোগটির প্রভাব এখনো রয়ে গেছে। ডি ব্রুইনা বলেছেন, ‘এখনো আমার মনে হচ্ছে, শরীরটা মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। কখনো কখনো আমি দু–তিনবার দৌড় দেওয়ার পর মনে হয়, কোভিড তার ছাপ রেখে গেছে।’ তবে মাঠে ফিরতে পেরে খুশি ডি ব্রুইনা, ‘আমি খুশি যে এ সপ্তাহে দুটি ম্যাচে ৯০ মিনিট করে খেলেছি।’
চোট আর রোগ মিলিয়ে তাঁর সময়টা যে ভালো কাটছে না—এ বিষয়ে কথা উঠলে ডি ব্রুইনা বলেছেন, ‘এটা ঠিক যে এ মৌসুমটা আমার এভাবে কাটছে। তবে এ বিষয়ে আমি তো আর কিছু করতে পারি না। আমার মুখাবয়বে লাথি মারা হয়েছে। আমার অ্যাঙ্কেলে লাথি মারা হয়েছে এবং এরপর আমার কোভিড হয়েছে। এটা ফুটবলেরই অংশ।’
করোনা থেকে সেরে ওঠার পর নিজেকে আবার মাঠে ফেরার জন্য কীভাবে তৈরি করেছেন, এই প্রশ্নের উত্তরে ডি ব্রুইনা বলেছেন, ‘কোভিড থেকে সেরে উঠে আমি যত বেশি সম্ভব অনুশীলন করেছি। এখন যে ব্যস্ত সূচি, বিষয়টি খুব একটা সহজ নয়। তবে আমি ঠিকঠাকভাবেই সব করছি।’