কোভিডের ভয় এড়িয়ে সিটির জয়
বড়দিনের আনন্দটা একটু ফিকেই হয়ে গিয়েছিল ম্যানচেস্টার সিটির কাছে। খবর এসেছিল, করোনায় আক্রান্ত হয়েছেন দলের অন্যতম স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস ও মূল রাইটব্যাক কাইল ওয়াকার। এই দুজনকে বাদ দিয়ে সিটি কেমন খেলে, দেখার আগ্রহ ছিল অনেকেরই। কিন্তু মূল দুই খেলোয়াড়ের না থাকা সিটির ৩ পয়েন্ট পাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়নি। লিগের ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।
ম্যাচের ১৪ মিনিটেই এগিয়ে যায় সিটি। ইংলিশ উইঙ্গার রহিম স্টার্লিংয়ের দুর্দান্ত সহযোগিতায় গোল করেন জার্মান মিডফিল্ডার ইলকায় গুন্দোয়ান। চলতি মৌসুমে গুন্দোয়ানের এটা চতুর্থ গোল। এর আগে নিজের পেশাদার ক্যারিয়ারে কখনো ৬টির বেশি গোল না করা গুন্দোয়ান এবার সে রেকর্ড ছাড়াতে পারেন কি না, মৌসুম শেষে সেটা জানার আগ্রহ থাকবে অনেকের।
দ্বিতীয়ার্ধে স্প্যানিশ উইঙ্গার ফেরান তোরেসের গোলে ২-০ ব্যবধান এগিয়ে যায় সিটি। আগুয়েরো, জেসুস—মূল একাদশে কেউ না থাকায় স্ট্রাইকার হিসেবে গত রাতোরেসকেই খেলিয়েছিলেন কোচ পেপ গার্দিওলা। সুফলও পেয়েছেন হাতেনাতে। মৌসুমে এই নিয়ে ৭টি গোল হয়ে গেল তোরেসের। তোরেস যখনই গোল করেছেন, সিটি কখনো হারেনি। এই ম্যাচও তার ব্যতিক্রম হলো না।
তবে ব্যবধানটা আরও বড় হতে পারত। বেলজিয়াম মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা কিংবা শেষ দিকে আগুয়েরোর কিছু প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছেন নিউক্যাসলের ইংলিশ গোলরক্ষক কার্ল ডারলো। একই কথা বলা চলে স্টার্লিং ও সিটির ইংলিশ সেন্টারব্যাক জন স্টোনসের বেলায়ও।
তবে এই ম্যাচে সিটি হারলেই বরং চমক হতো। সব প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে নিউক্যাসলের বিরুদ্ধে টানা ১২ ম্যাচ জিতল সিটি। শুধু তা–ই নয়, বড়দিনের সময় এই ‘বক্সিং ডে’ ম্যাচে নিউক্যাসলের রেকর্ড বরাবরই খারাপ। বছরের এই সময়ে তারা হেরেছে ১৫ ম্যাচ, এত বেশি ম্যাচ বক্সিং ডেতে কেউ হারেনি।
দলের খেলার বেশ সন্তুষ্ট গার্দিওলা, ‘ঠিক এভাবেই আমাদের খেলা উচিত। দুর্ভাগ্যবশত, এর চেয়ে বেশি গোল দিতে পারিনি আমরা। কিন্তু দিন শেষে এটা বেশ ভালো একটা ফল, ৩ পয়েন্ট পাওয়ার মতো।’