কোমান জানালেন, তাঁর একজন ‘সুয়ারেজ’ দরকার
আতলেতিকো মাদ্রিদের হয়ে গতকালও গোল করেছেন লুইস সুয়ারেজ। লা লিগার সর্বোচ্চ গোলদাতা এখন এই উরুগুয়ের ফরোয়ার্ড। একদিকে দারুণ ফর্মে আছেন সুয়ারেজ, ওদিকে এ মৌসুমেই যাদের অবহেলার শিকার হয়েছেন, সেই বার্সেলোনা মরিয়া হয়ে গোল খুঁজে বেড়াচ্ছে। কাল উয়েস্কার মাঠে প্রত্যাশিত জয় পেয়েছে বার্সেলোনা। তবে সে জয়টা পেতেও বেশ কষ্ট হয়েছে তাদের। দাপুটে এক ম্যাচের পরও মেসি-দেম্বেলেরা মাত্র এক গোল করতে পেরেছেন।
গতকাল গোলে ২০ বার শট নিয়েছে বার্সেলোনা। এর মধ্যে মাত্র একটি উয়েস্কা গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে পৌঁছেছে। আক্রমণে একজন নিখাদ গোলস্কোরার থাকলেই হয়তো একটি গোল পেতে এতটা হাহাকার করতে হতো না দলটাকে। কোচ রোনাল্ড কোমানও অবশেষে স্বীকার করতে বাধ্য হলেন, তাঁর একজন পরিপূর্ণ ‘নাম্বার নাইন’ দরকার, যিনি সৃষ্টি হওয়া সুযোগগুলো কাজে লাগাতে পারবেন।
জানুয়ারির দলবদল শুরু হয়ে গেছে। এখনই সময় মৌসুমের শুরুতে খুঁজে পাওয়া ঘাটতিগুলো পূরণ করার। আগের দিনই রোনাল্ড কোমান বলেছেন, লুইস সুয়ারেজকে ছেড়ে দেওয়া নিয়ে তাঁর কোনো আক্ষেপ নেই। দল একজন পরিপূর্ণ স্ট্রাইকারের অভাব বোধ করছে। তবু সুয়ারেজকে সরাসরি এক প্রতিদ্বন্দ্বীর কাছে ছেড়ে দেওয়ার পক্ষে কোমানের যুক্তি ছিল, সুয়ারেজকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত তাঁর আগমনের আগেই নেওয়া হয়েছে। তাই যা হয়েছে, এ নিয়ে তাঁর মধ্যে কোনো অনুশোচনা নেই।
সুয়ারেজ প্রসঙ্গে কোনো দুঃখ না থাকলেও গ্রীষ্মের দলবদলে একজন স্ট্রাইকার কিনতে না পারার ভুল ঠিকই ভোগাচ্ছে বার্সেলোনাকে। আগের মৌসুমগুলোর মতো এবার মেসিকে খুব বেশি গোল করতে দেখা যাচ্ছে না। সুয়ারেজের বিদায়ের পর মেসিরও এভাবে গোলক্ষুধা কমে যাওয়া দলটাকে বিপাকে ফেলেছে। গত জানুয়ারিতে বার্সায় যাওয়া স্ট্রাইকার মার্টিন ব্রাথওয়েট সবাইকে বিস্মিত করে এখনো খেলছেন বার্সার জার্সিতে। মেসির আক্রমণের সঙ্গী হিসেবে কাল ব্রাথওয়েট ছাড়াও নেমেছিলেন ওসমান দেম্বেলে। তিনজন মিলে ১৫টি শট নিয়েছেন কাল। কিন্তু গোলটা এসেছে মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের পা থেকে।
আনসু ফাতি চোটে পড়েছেন। একই দুর্ভাগ্য ছুঁয়েছে ক্লাবের দলবদলের রেকর্ড ভাঙা ফিলিপ কুতিনিওকে। আঁতোয়ান গ্রিজমানের ওপরও আস্থা হারিয়েছেন কোচ কোমান। বিশ্বকাপজয়ী ফরোয়ার্ডকে বসিয়ে ইদানীং ব্রাথওয়েটকেই মাঠে নামাচ্ছেন কোচ। কাল উয়েস্কা ম্যাচের পর নতুন স্ট্রাইকারের জন্য হাহাকার শুনিয়েছেন কোমান, ‘আমি স্কোয়াডের প্রতিটি খেলোয়াড়ের ওপর আস্থা রাখি। কিন্তু আমরা যদি তিন মিডফিল্ডার নিয়ে খেলতে নামি, তখন তিনজন ফরোয়ার্ডের জায়গা সৃষ্টি হয়। লিও (মেসি) থাকায় আমরা দেম্বেলের মতো জায়গা সৃষ্টি করতে জানা কারও ওপর আস্থা রাখি এবং এরপর মার্টিন ও আঁতোয়ানের মধ্যে কোনো একজনকে সবার ওপরে থাকার জন্য বেছে নিই। আজ মার্টিন সেটা করেছে। এমন ম্যাচে আমরা একজন নাইনের অভাব বোধ করছি। এর সঙ্গে আঁতোয়ানের বদলি নামার কোনো সম্পর্ক নেই। আমাদের সামনে অনেক খেলা এবং আমাদের সবাইকে দরকার হবে।’
মৌসুমের শুরুতে সুয়ারেজকে যখন ছেড়ে দিয়েছিল বার্সেলোনা, তখন দলটি চেয়েছিল ইন্টার মিলান থেকে লাওতারো মার্তিনেজকে এনে সে শূন্যস্থান পূরণ করতে। কিন্তু ইন্টারের বেঁধে দেওয়া ১১ কোটি ইউরো দেওয়া সম্ভব হয়নি বার্সেলোনার। কোমানের ব্যক্তিগত পছন্দ মেম্ফিস ডিপাইকে মাত্র ১ কোটি ৫০ লাখ ইউরোতে কেনার সম্ভাবনা জেগেছিল। কিন্তু সে দলবদলও আলোর মুখ দেখেনি। কোমান আশায় আছেন, জানুয়ারিতে ডাচ ফরোয়ার্ডকে অবশেষে বার্সার জার্সিতে দেখতে পাবেন, ‘মৌসুমের শুরুতেই বেশ কয়বার বলেছি আমরা যে সামনে আর কাউকে দরকার। এতে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে, গোল বাড়বে, কার্যকারিতা বাড়বে। কিন্তু এটা অনেক কিছুর ওপর নির্ভর করছে।’
বার্সেলোনার আর্থিক দুরবস্থার কথা এখন আর গোপন কিছু নয়। এর মধ্যে নতুন খেলোয়াড় কেনা এমনিতেও জটিল হয়ে উঠেছে। ওদিকে লিওঁ কোচ গার্সিয়াও হুমকি দিয়ে রেখেছেন, ডিপাইকে এ মৌসুমে আবার নেওয়ার চেষ্টা করলে কোমানকে দেখে নেবেন। নিজের অধিনায়ককে দরকার হলে মৌসুমের শেষে মুফতে ছাড়বেন গার্সিয়া, তবু মৌসুমের মাঝপথে ছাড়তে রাজি নন। ওদিকে বার্সেলোনার অন্তর্বর্তীকালীন বোর্ড বড় দলবদল করার ক্ষমতাও রাখে না। মার্তিনেজের মতো কাউকে আনতে চাইলে ২৪ জানুয়ারির নির্বাচনের অপেক্ষা ছাড়া উপায় নেই দলটির।