কোমান থাকতেই কোচ হওয়ার জন্য হ্যাজার্ডদের কোচকে প্রস্তাব বার্সার

নতুন কোচ পাবেন ডিপাইরা?টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাতে রোনাল্ড কোমানের ঠিকঠাক ঘুম হচ্ছে কি না, কে জানে!


না হওয়ারই কথা। বার্সেলোনার কোচ হওয়ার আজন্ম স্বপ্ন ছিল তাঁর। কিন্তু সুযোগটা যখন এল, মাঠ ও মাঠের বাইরে বার্সেলোনার অবস্থা তখন তথৈবচ। কোমানের আসার এক বছর হয়ে যাওয়ার পরও অবস্থার যে খুব বেশি উন্নতি হয়েছে, বলা যাবে না। উল্টো মেসি-গ্রিজমানের বিদায় ও মাঠে বার্সার ‘অ-বার্সাসুলভ’ পারফরম্যান্স মিলিয়ে কোমানের পায়ের তলার মাটি আস্তে আস্তে সরে যাচ্ছে যেন। সভাপতির সঙ্গে বিরোধের বিষয়টাও চলে এসেছে প্রকাশ্যে।

বেলজিয়াম কোচ রবের্তো মার্তিনেজ
ছবি : সংগৃহীত

এ অবস্থায় কোমানকে যে বার্সেলোনায় রাখা হবে না, সেটা মোটামুটি নিশ্চিত। কিন্তু কোমানের জায়গায় কে আসবেন?

সাবেক তারকা জাভি হার্নান্দেজের নাম শোনা যায় মাঝেমধ্যেই। কিন্তু জাভি নন, গত কয়েক দিন যাঁর নাম সবচেয়ে বেশি শোনা যাচ্ছে, তিনি বেলজিয়াম জাতীয় দলের স্প্যানিশ কোচ রবের্তো মার্তিনেজ। বিখ্যাত ফুটবলবিষয়ক ওয়েবসাইট গোল ডটকমের দুই স্প্যানিশ সাংবাদিক মারিও কোর্তেগানা ও আদ্রিয়া সলদেভিয়া জানান, নিজেদের কোচ হওয়ার ব্যাপারে এর মধ্যেই মার্তিনেজের সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছে বার্সেলোনা।

গোল ডটকম আরও জানায়, বার্সেলোনার সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ হওয়ার পর মার্তিনেজ নিজেও বেলজিয়ান ফেডারেশনকে জানিয়েছেন, প্রস্তাব এলে তিনি পাড়ি জমাবেন ক্যাম্প ন্যুর দিকে।

বার্সার সভাপতি হোয়ান লাপোর্তা মার্তিনেজকে বেশ পছন্দ করেন বলে জানা গেছে। মার্তিনেজ নিজেও জন্মেছেন কাতালুনিয়ায়, ফলে বার্সার সঙ্গে এমনিতেই নাড়ির টান আছে উইগান অ্যাথলেটিক ও এভারটনের সাবেক এই কোচের। মজার বিষয়, বার্সার বর্তমান কোচ রোনাল্ড কোমানও আগে এভারটনের দায়িত্বে ছিলেন। শুধু তা–ই নয়, বার্সার কিংবদন্তি ইয়োহান ক্রুইফের ছেলে সাবেক বার্সা তারকা জর্দি ক্রুইফের ছেলের ধর্মপিতাও মার্তিনেজ।

রোনাল্ড কোমান থাকছেন না, মোটামুটি নিশ্চিত
ছবি: রয়টার্স

জানা গেছে, বার্সেলোনার কর্মকর্তারা মার্তিনেজকে জানিয়েছেন, জাভি নন, তিনিই কোমানের যোগ্য উত্তরসূরি। দেশের সোনালি প্রজন্মকে অন্তত একটা শিরোপা জেতানোর জন্য মার্তিনেজের ওপরেই ভরসা রেখেছিল বেলজিয়াম, যে লক্ষ্যে এখনো সফল হননি এই স্প্যানিশ কোচ। আগামী বছরেই বিশ্বকাপ, এই অবস্থায় বেলজিয়ামকে ছেড়ে বার্সার দায়িত্ব মার্তিনেজ আদৌ নেবেন কি না, সেটাও দেখার বিষয়।


বেলজিয়ামের সঙ্গে চুক্তি শেষ হওয়ার আগে মার্তিনেজকে আনতে হলে ১৫ লাখ ইউরো খরচ করতে হবে বার্সাকে, যেটা বার্সার পরিশোধ করতে সমস্যা নেই। শুধু মার্তিনেজই নন, তাঁর সহকারী সাবেক বিশ্বকাপজয়ী ফরাসি ফরোয়ার্ড থিয়েরি অঁরিকে দলে আনার ক্ষেত্রেও মনোযোগী বার্সা, যে অঁরি বার্সেলোনার ইতিহাসের অন্যতম সেরা ও সফল ফরোয়ার্ড।