কোমান মুখ খুলতেই রব উঠল ‘মেসি’, ‘মেসি’

কোমান মেসিকে মিস করবেন, কিন্তু বার্সেলোনাকে তাঁর সামনে এগিয়ে নিতেই হবেছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেচারা রোনাল্ড কোমানের আর কী দোষ! তিনি তো আর লিওনেল মেসিকে ছেড়ে দেননি। গত মৌসুমে কোচ হয়ে আসার পর থেকে তো মেসিকেই দলের মূল অস্ত্র ভেবে এসেছেন। সেভাবে সাজিয়েছেন পরিকল্পনা। এ মৌসুমেও কি ভুলেও ভেবেছিলেন, মেসিকে বাদ দিয়ে তাঁকে দল সাজাতে হবে? কিন্তু কাল গাম্পার ট্রফিতে জুভেন্টাসের বিপক্ষে এস্তাদি ইয়োহান ক্রুইফে খেলতে নামার আগে বেশ নাজেহালই হলেন কোমান।

কোমান সমর্থকদের উদ্দেশে কিছু বলার জন্য মাইক্রোফোন হাতে নিয়েছিলেন। মেসির বিদায়ী সংবাদ সম্মেলনের পরই ছিল খেলাটি। বক্তৃতার একপর্যায়ে ‘বিদায়’ শব্দটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গেই গ্যালারি থেকে দর্শকেরা চিৎকার করে ওঠেন ‘মেসি’, ‘মেসি’ বলে। স্টেডিয়ামে সমর্থকদের চিৎকার এমন পর্যায়ে চলে যায়, যে নেদারল্যান্ডসের কোচ কথাই বলতে পারছিলেন না। দর্শকেরা সবাই প্রিয় তারকার ১০ নম্বর জার্সি পরেই সমবেত হয়েছিলেন এস্তাদি দি ইয়োহান ক্রুইফে।

মেসির জার্সি নিয়ে এস্তাদি দি ইয়োহান ক্রুইফে এসেছিলেন সমর্থকেরা
ছবি: এএফপি

মেসিকে ছাড়া বার্সার কথা কল্পনাই করতে পারছে না ভক্তরা। কিন্তু অপ্রিয় ব্যাপারটিই যে ভাবতে হচ্ছে তাদের। অতীতে কত তারকাই তো বার্সেলোনা ছেড়েছেন বা বার্সেলোনা তাঁদের ছেড়ে দিয়েছে। নানাভাবেই বোঝানোর চেষ্টা চলছে। কিন্তু ভক্তদের আবেগ তো বাস্তবতা মানে না। কোমানও কাল নিজের বক্তৃতায় সে ধরনের কিছুই বলতে চাইলেন—‘ব্যক্তির চেয়ে ক্লাব বড়’, ‘আমাদের সামনে এগিয়ে যেতে হবে’, ‘ক্লাব যেন সব সময় সবার ওপরে থাকে, সেটাই আমাদের করতে হবে।’ কিন্তু সমর্থকেরা এসব কানে নিলে তো!

সমর্থকদের চিৎকারের মধ্যেই কোমান বলেন, ‘যদিও মেসির মতো প্রিয় তারকাকে বিদায় দিতে হলো, কিন্তু আমরা তারপরেও নতুন মৌসুম নিয়ে খুব উজ্জীবিত। এ মৌসুমে যেসব নতুন খেলোয়াড় যোগ দিল, আমরা তাদের নিয়ে যে স্কোয়াড তৈরি করতে যাচ্ছি, এ তরুণেরাই বার্সেলোনার মতো বিশ্বসেরা ক্লাবের ভবিষ্যৎ।’

মেসিহীন বার্সেলোনাকে নিয়ে বড় পরীক্ষার জন্যই প্রস্তুত হচ্ছেন কোচ রোনাল্ড কোমান
ছবি: এএফপি

তিনি সমর্থকদের চিৎকারের মধ্যেই সবাইকে আশ্বস্ত করেন, ‘আমি সমর্থকদের আশ্বস্ত করতে চাই, এ মৌসুমটা দারুণ হবে বার্সেলোনার জন্য। সমর্থকদের আমরা অনেক আনন্দময় মুহূর্ত উপহার দেব। আমরা প্রচুর পরিশ্রম করব, অনেক ত্যাগ স্বীকার করব, এরপর সর্বোচ্চ সাফল্যটা ঘরে তুলব। আমরা সবাই জানি এই বার্সেলোনা কত বড় ক্লাব এবং তারা কোন জায়গায় যেতে চায়।’

সমর্থকদের উজ্জীবিত করতে এখন অনেক কথাই বলতে হবে বার্সেলোনা–সংশ্লিষ্টদের। কিন্তু বাস্তবতা হচ্ছে, মেসি আর বার্সেলোনার নেই। আর এ ব্যাপারটিই সবচেয়ে কষ্টকর ভক্ত–সমর্থকদের জন্য। মেসি ছাড়া বার্সা! তারা যে এটা কল্পনাও করতে পারছেন না!