কোমানের বার্সা যেন ডাচ কলোনি!
এমনিতেই গত মৌসুমে ক্লাব ছেড়েছিলেন লুইস সুয়ারেজ। এই মৌসুমে বার্সাকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসিও। দলে নতুন আসা সের্হিও আগুয়েরো চোট সামলাতেই ব্যস্ত। ওদিকে চোট কাটিয়ে তরুণ ফরোয়ার্ড আনসু ফাতি নিজেকে ফিরে পেতে কত দিন সময় নেন, সেটিও দেখার বিষয়। মার্টিন ব্রাথওয়াইট খারাপ না হলেও গোটা মৌসুম ধরে ভরসা করার মতোও কেউ নন।
এক মেম্ফিস ডিপাইয়ের ওপরেই এখন সওয়ার বার্সেলোনার আক্রমণভাগ। এর মধ্যে গত রাতে ক্লাব ছেড়েছেন আতোয়ান গ্রিজমানও।
খালি চোখে বার্সায় গোল করার মানুষের এখন বড্ড অভাব। যে অভাব ঘোচানোর জন্য গত কয়েক সপ্তাহ ধরেই একজন নতুন স্ট্রাইকার দলে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন বার্সা কোচ রোনাল্ড কোমান। ক্লাবের কর্তাব্যক্তিদেরও জানিয়ে দিয়েছেন, কম বেতন নেন এমন একজন স্ট্রাইকারকে স্বল্পমেয়াদি চুক্তিতে দলে আনা গেলে মন্দ হয় না।
কোমানের সে ইচ্ছে পূরণ করেছে বার্সেলোনা। দলে এনেছে কোমানেরই স্বদেশি এক স্ট্রাইকারকে। সেভিয়া থেকে ৩১ বছর বয়সী ডাচ স্ট্রাইকার লুক ডি ইয়ংকে দলে এনেছে বার্সেলোনা।
আপাতত এক বছরের জন্য ধারে বার্সায় এসেছেন ডি ইয়ং। ডাচ ক্লাব দে গ্রাফশাপের হয়ে ক্যারিয়ার শুরু করা ডি ইয়ং একে একে খেলেছেন এফসি টোয়েন্টে, বরুসিয়া ম’গ্লাডবাখ, নিউক্যাসল ইউনাইটেড, পিএসভি আইন্দহফেনের মতো ক্লাবেও। ডাচ ক্লাবগুলোর হয়ে চুটিয়ে গোল করতে পারলেও দেশের বাইরে সেভাবে গোল পাননি। যে এক বছর প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসলে ছিলেন, ১২ ম্যাচ খেলে গোলের খাতা খুলতে পারেননি। বরুসিয়া ম’গ্লাডবাখ হয়ে দুই মৌসুমে মোট ৪৫ ম্যাচ খেলে ৮ গোল করেছিলেন। সেভিয়ার হয়ে ৯৪ ম্যাচ খেলে গোল করেছেন ১৯টা।
ওদিকে ডাচ লিগে ২০১৮-১৯ মৌসুমে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন, পিএসভিতে খেলার সময়ে। পিএসভি ও টোয়েন্টের হয়ে চারবার লিগ জেতা এই স্ট্রাইকার গত মৌসুমে সেভিয়ার হয়ে ইউরোপা লিগও জিতেছেন।
জাতীয় দলে খেলেছেন এই কোমানের অধীনেই, যেখানে নেশনস লিগের ফাইনালে উঠেছিলেন ডাচদের হয়ে। জাতীয় দলের হয়ে ৩৮ ম্যাচে ৮ গোল করেছেন।
ফ্রেঙ্কি ডি ইয়ং আর মেম্ফিস ডিপাই আগেই ছিলেন। কোমানের অধীনে যারা নতুন দিনের বার্সেলোনার অবিচ্ছেদ্য অংশ। এবার যোগ দিলেন লুক ডি ইয়ংও। স্বদেশিদের নিয়ে কোমান যেন ডাচ এক ডাচ কলোনিই গড়ে তুলছেন বার্সায়!