কোমানের যে হতাশায় চাইলে আশা খুঁজে পেতে পারে বার্সেলোনা
রোনাল্ড কোমানের বার্সেলোনা অধ্যায়ের শুরুটাই হয়েছে নাটকীয়তায়। মাঠের পারফরম্যান্সও তথৈবচ। চ্যাম্পিয়নস লিগে শুরুটা দারুণ করলেও গ্রুপ পর্বের শেষ ম্যাচে হেরে বসায় এখন শেষ ষোলোতে শক্তিশালী সব দলের মুখোমুখি হওয়ার ঝুঁকিতে আছে বার্সা। ছন্দহীন এক দল নিয়ে ইউরোপিয়ান এসব পরাশক্তির মুখোমুখি হতে চাইবে না কেউই।
লা লিগায় শীর্ষস্থান থেকে যতটা পিছিয়ে আছে বার্সেলোনা, তার চেয়ে বেশি কাছে আছে অবনমন অঞ্চলের। লিগে ১০ ম্যাচ শেষে মাত্র ১৪ পয়েন্ট পাওয়ার রেকর্ড তো গত ৩২ বছরে সবচেয়ে কম।
গত মঙ্গলবার জুভেন্টাসের বিপক্ষে হারে আরেকটি অস্বস্তিকর রেকর্ডে নাম লিখিয়েছেন কোমান। বার্সেলোনার হয়ে প্রতিযোগিতামূলক ১৬ ম্যাচে নেমেছেন। এর মধ্যে মাত্র ৯ ম্যাচে জিতেছেন। হেরেছেন পাঁচটিতে। আর ড্র করেছেন দুটি। বার্সেলোনার কোচ হিসেবে কোনো কোচের প্রথম ১৬ ম্যাচে এমন হতাশাজনক পারফরম্যান্স খুঁজতে হলে পেছাতে হচ্ছে ১৭ বছর। ২০০৩–০৪ মৌসুমে বার্সেলোনার দায়িত্ব পেয়েছিলেন কোমানেরই স্বদেশি ফ্রাঙ্ক রাইকার্ড। ১৬ ম্যাচ শেষে মাত্র ৮টি জয় পেয়েছিলেন রাইকার্ড। সঙ্গে ৩ হার ও ৫ ড্র। অর্থাৎ, দল জেতানোয় একটু এগিয়ে কোমান আর হার এড়ানোয় রাইকার্ড।
২০০৩–০৪ মৌসুমেও বেশ ঝামেলার মধ্য দিয়ে যেতে হয়েছিল রাইকার্ডকে। আগের মৌসুমে চরম ব্যর্থ এক দলের দায়িত্ব পেয়েছিলেন। দলবদলের বাজারে মূল লক্ষ্য ডেভিড বেকহামকে কিনতে পারেনি বার্সেলোনা। ফলে রোনালদিনিওকে নিয়ে সন্তুষ্ট থেকেছে দল।
রাইকার্ডও নতুন করে দল সাজানোয় মন দিয়েছিলেন। কিন্তু নতুন পদ্ধতিতে সাফল্য পেতে দেরি হচ্ছিল। প্রথম ১৬ ম্যাচে মাত্র ৫০ ভাগ জয় তো ছিলই, এল ক্লাসিকোতেও হেরে বসেছিল দল। ফলে রাইকার্ডের চাকরিচ্যুতির দাবি উঠে গিয়েছিল খুব দ্রুত।
২০২০–২১ মৌসুমেও কোমানকে বেশ ঝামেলার মধ্য দিয়ে যেতে হচ্ছে। গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ থেকে লজ্জাজনক বিদায়ের পর কোচ কিকে সেতিয়েনকে ছাঁটাই করেছিল বার্সেলোনা। নতুন মৌসুমে কোমানকে দায়িত্ব দেওয়া হয়। এসেই দল নিয়ে নিজের পরিকল্পনা জানিয়েছেন, ছাঁচাছোলা মন্তব্যে মেসিকে ক্ষুব্ধ করেছেন, মেসির প্রিয় দুই সতীর্থের ক্লাবছাড়া নিশ্চিত করেছেন। ক্লাবের ওপর বিরক্ত হয়ে মেসির বার্সেলোনা ছাড়তে চাওয়াও দেখতে হয়েছে তাঁকে। মৌসুম শুরু হওয়ার আগেই এত নাটকীয়তার ছাপ খেলাতেও পড়েছে। মাঝেমধ্যে দারুণ আক্রমণাত্মক ফুটবল দেখা গেলেও অধিকাংশ ম্যাচেই দিগ্ভ্রান্ত এক দল বলেই মনে হয় কাতালানদের।
নিজের ফুটবল দর্শন এখনো দলে খেলোয়াড়দের রপ্ত করাতে পারেননি কোমান। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে ১৩ বছর পর শীর্ষস্থান পায়নি বার্সা। লা লিগায় আছে নবম স্থানে। গোলকিপার ও ডিফেন্ডাররাও যেন প্রতিনিয়ত হাস্যকর ভুল করার পণ নিয়ে নেমেছেন। তাই মৌসুম শুরু হওয়ার তিন মাসের মধ্যেই পাঁচ হারের দেখা মিলেছে। রাইকার্ড তো বটেই, তাঁর পরে অন্য কোনো কোচকেই এত ম্যাচ হারতে হয়নি।
রাইকার্ডের পর দায়িত্ব পাওয়া পেপ গার্দিওলা ছয় শিরোপা জেতা মৌসুমের শুরুতে দুটি ম্যাচে হেরেছিলেন। গার্দিওলার পর দায়িত্ব পাওয়া তিতো ভিলানোভাও হেরেছিলেন মাত্র দুটি ম্যাচে। শিরোপাহীন মৌসুম কাটানো টাটা মার্টিনো তো অপরাজিতই ছিলেন এ সময়ে! লুইস এনরিকে ট্রেবল জেতা মৌসুমের শুরুর প্রথম ১৬ ম্যাচে হার দেখেছেন তিনটিতে। আরনেস্তো ভালভার্দেও হেরেছেন মাত্র দুই ম্যাচে, রিয়াল মাদ্রিদের কাছে স্প্যানিশ সুপার কাপে। আর তাঁর কাছ থেকে দায়িত্ব বুঝে পাওয়া সেতিয়েন হেরেছিলেন তিনটিতে।
দলকে জেতানোর ক্ষেত্রেও গত ১৭ বছরে বার্সেলোনার দায়িত্বে থাকা অন্য কোচরা এগিয়ে আছেন কোমানের চেয়ে। ভিলানোভা ও ভালভার্দে জিতেছেন ১৩টি ম্যাচ। মার্টিনো, গার্দিওলা ও এনরিকে মাত্র চার ম্যাচে দলকে জয় এনে দিতে পারেননি। আর সেতিয়েন জিতেছেন ১১ ম্যাচে। শুধু রাইকার্ডই (৮) পিছিয়ে আছেন কোমানের চেয়ে। এমন অবস্থায় তাই বার্সেলোনা সমর্থকেরা কোমানকে বরখাস্ত করার দাবি করতেই পারেন।
মজার ব্যাপার, বার্সেলোনায় বর্তমানে কোনো নির্বাচিত বোর্ড না থাকায় কোচকে ছাঁটাই করাও সম্ভব নয়। ফলে যত বাজে পারফরম্যান্সই হোক না কেন, নিজ থেকে না চাইলে কোমানকে ২৪ জানুয়ারির সভাপতি নির্বাচনের আগে সরানোর উপায় নেই।
এত সব হতাশার মধ্যেও চাইলে আশা খুঁজে নিতে পারে বার্সেলোনা। ২০০৩–০৪ মৌসুমে এর চেয়েও বাজে শুরু করা বার্সেলোনা রাইকার্ডের অধীনে একপর্যায়ে অবনমন অঞ্চলেও ছিল। সেই রাইকার্ড দলকে সেবার লিগে দ্বিতীয় করেছিলেন। পরের দুই মৌসুমে তো লিগের শিরোপাও এনে দিয়েছেন। তাঁর হাত ধরেই ২০০৬ সালে দ্বিতীয় চ্যাম্পিয়নস লিগ পেয়েছে বার্সেলোনা। সেই বার্সার প্রাণভোমরা ছিলেন রোনালদিনিও নামের ঝাঁকড়াচুলো জাদুকর, মেসি-ইনিয়েস্তাদের শুরুটাও তখন। বার্সেলোনার সাফল্যভরা প্রজন্মের পেছনে তাই এই ডাচের অনেক অবদান।
কোমানও তো এমন কিছু দেখাতেই পারেন। কিন্তু রাইকার্ডের সময় ধৈর্য ধরেছিল বার্সেলোনা। এবার কি ধরবে তারা? কোমান চাকরিতে যোগদানের পরই যে এক সভাপতি প্রার্থী তাঁকে ছাঁটাইয়ের ঘোষণা দিয়ে রেখেছেন। অন্য প্রার্থীরাও তাঁকে খুব একটা ভালো চোখে দেখেন না।