কোম্যানের 'প্রতিশোধ'
ভাগ্য কয়েকবারই তাঁদের গেঁথেছে এক সুতোয়। বার্সেলোনায় লুই ফন গালের সহকারী কোচ ছিলেন রোনাল্ড কোম্যান। তখন অবশ্য সমস্যা হয়নি। বছর দশেক আগে আয়াক্সের কোচ ছিলেন কোম্যান। ফন গাল ছিলেন টেকনিক্যাল ডিরেক্টর। কিন্তু দুই ডাচের বনিবনা হয়নি, ফন গালও দায়িত্বটা খুব তাড়াতাড়িই ছেড়ে দিয়েছিলেন। পরে কোম্যান নিজেই স্বীকার করেছিলেন তাঁদের দ্বন্দ্বের কথা।
ইংলিশ লিগ এবার দুজনকে দাঁড় করিয়ে দিল মুখোমুখি। লিগের প্রথম দ্বৈরথে জয় হয়েছিল ফন গালের, গত ডিসেম্বরে সাউদাম্পটনের মাঠে ২-১ গোলে জিতেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। পরশু ওল্ড ট্রাফোর্ডে এসে ইউনাইটেডকে হারিয়ে মধুর প্রতিশোধ নিলেন কোম্যান। ১৯৮৮ সালের পর এই প্রথম নিজেদের মাঠে সাউদাম্পটনের কাছে হারল রেড ডেভিলরা।
দুসান তাদিচের গোলে ১-০ গোলের জয়টা আরও মহিমান্বিত আরেকটা কারণে। এই জয়েই ইউনাইটেডকে টপকে পয়েন্ট তালিকার তিনে উঠে এসেছে সাউদাম্পটন, উজ্জ্বল হয়েছে চ্যাম্পিয়নস লিগে খেলার আশা। কোম্যান অবশ্য ফন গালকে খোঁচা দেননি। তবে তিন ডিফেন্ডার নিয়ে খেলায় ইউনাইটেড যে ভুগেছে, সেটা মনে করিয়ে দিয়েছেন। ফন গাল অবশ্য এটি স্বীকার না করে দুষছেন ভাগ্যকেই, ‘দেখুন, ম্যাচে কিন্তু আমাদেরই দাপট ছিল। ভাগ্যই ওদের পক্ষে ছিল।’ বিস্ময়ের ব্যাপার, ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলেও পুরো ম্যাচে প্রতিপক্ষের গোলে একটাও শট নিতে পারেনি ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে সর্বশেষ ২০০৯ সালে আর্সেনালের বিপক্ষে পোস্টে কোনো শট রাখতে পারেনি ইউনাইটেড। এএফপি।