কোরিয়ার মধুর প্রতিশোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট বছর আগের কুয়ালালামপুরের ম্যাচটা অনেক রক্তক্ষরণ ঘটিয়েছে দক্ষিণ কোরিয়ানদের হৃদয়ে। টাইব্রেকার-নাটকে ইরাকের কাছে হেরে দক্ষিণ কোরিয়া বিদায় নিয়েছিল সেমিফাইনাল থেকে। কাল সিডনি দুই দলকে আবার দাঁড় করিয়ে দিয়েছিল মুখোমুখি। মঞ্চ সেই এশিয়ান কাপ, সেমিফাইনাল। প্রতিশোধ নেওয়ার উপলক্ষ হাতছাড়া করেনি কোরিয়া, ইরাককে ২-০ গোলে হারিয়ে পৌঁছে গেছে এশিয়ান কাপের ফাইনালে।
বিশ্বকাপে সবচেয়ে বেশিবার এশিয়ার প্রতিনিধিত্ব করা দক্ষিণ কোরিয়া এশিয়ায় বরাবরই পরাশক্তি। কিন্তু এশিয়ান কাপ যেন তাদের কাছে এক প্রহেলিকা। প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন কোরিয়া পরের ৫৫ বছরে আর শিরোপা জিততে পারেনি। সর্বশেষ ফাইনালের স্মৃতিতেও তো ধুলো জমে গেছে, সেই ১৯৮৮ ফাইনালে তারা সৌদি আরবের কাছে হেরেছিল টাইব্রেকারে। কাল তাই প্রতিশোধের সঙ্গে ছিল দীর্ঘ একটা অতৃপ্তি মেটানোর উপলক্ষও। সেটা দারুণভাবেই কাজে লাগাল তেগুক যোদ্ধারা।
ইরানের সঙ্গে স্নায়ুক্ষয়ী কোয়ার্টার ফাইনালজয়ী ইরাক খেলছিল তেড়েফুঁড়েই। কিন্তু খেলা গড়ানোর সঙ্গে সঙ্গেই বোঝা গেছে, ধকলটা তারা সামলে উঠতে পারেনি। কোরিয়ার গতির সামনে বারবারই খেই হারিয়ে ফেলছিলেন ইরাকের ডিফেন্ডাররা। ২০ মিনিটে প্রথম গোল পেয়ে যায় কোরিয়া। কিম জিন সুর ফ্রি-কিক থেকে হেড করে এগিয়ে দেন লি ইয়ং হিউপ। ইরাকের অধিনায়ক ইউনুস মাহমুদ অবশ্য বেশ কয়েকবার ভীতি ছড়িয়েছেন প্রতিপক্ষ রক্ষণে। কিন্তু গোলের রাস্তা বের করতে পারেনি ইরাক।
দক্ষিণ কোরিয়ার এখন ৫৫ বছর ধরে অধরা শিরোপা হাতে তোলার সুযোগ। দলের জার্মান কোচ উইলি স্টাইলাকের কাছে এখন মূল কৌশল মনে হয় দলকে ভারমুক্ত রাখা, ‘চাপটাপ নিয়ে এখন আর আমরা ভাবছি না। অস্ট্রেলিয়ায় আমরা এশিয়ার তিন নম্বর দল হিসেবে এসেছিলাম। সেই লক্ষ্য আমরা পূরণ করতে পেরেছি। এখন যা পাব সেটাই হবে বাড়তি।’
ফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ আগামীকালের অস্ট্রেলিয়া-আরব আমিরাত সেমিফাইনাল জয়ীরা। স্বাগতিক অস্ট্রেলিয়াকে গ্রুপপর্বে ১-০ গোলে হারিয়েছিল দক্ষিণ কোরিয়া। তবে স্টাইলাক মনে করিয়ে দিলেন, সেই অস্ট্রেলিয়া ছিল খর্বশক্তির। দলকে আগেই প্রাপ্তির আনন্দে ভেসে যেতে তিনি দেবেন না! এএফপি।