কোরীয় ছন্দের সামনে শেখ জামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষবারের মতো কাল দুই দলই ঝালিয়ে নিল নিজেদের। ধানমন্ডিতে শেখ জামালের ফুটবলাররা (ওপরে), বঙ্গবন্ধু স্টেডিয়ামের ফ্লাডলাইটে অনুশীলনে ব্যস্ত বুসান আইপার্ক l প্রথম আলো
শেষবারের মতো কাল দুই দলই ঝালিয়ে নিল নিজেদের। ধানমন্ডিতে শেখ জামালের ফুটবলাররা (ওপরে), বঙ্গবন্ধু স্টেডিয়ামের ফ্লাডলাইটে অনুশীলনে ব্যস্ত বুসান আইপার্ক l প্রথম আলো

কে-লিগে চারবার চ্যাম্পিয়ন। এশিয়া-সেরার মুকুট মাথায় তুলেছে একবার। আফ্রো-এশিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপ জেতার অভিজ্ঞতাও আছে। এমন অভিজাত দলের সঙ্গে বাংলাদেশের কোনো ক্লাবের লড়াই মানে অসম ম্যাচই ভেসে উঠবে সবার চোখে। তাই আজ বুসান আইপার্কের সঙ্গে শেখ জামাল ধানমন্ডির আন্তর্জাতিক প্রীতি ম্যাচটা একপেশে ভেবে নেওয়াই স্বাভাবিক।
কিন্তু তা হতে দিতে চায় না শেখ জামাল। জাপান অনূর্ধ্ব-২১ দলের সঙ্গে কদিন আগে বাংলাদেশ জাতীয় দল যে প্রীতি ম্যাচ খেলেছে, সেটিতে এই দলটিরই ছিলেন ৯০ ভাগ খেলোয়াড়। আজ তাই এক অর্থে বাংলাদেশ জাতীয় দলই নামছে বিকেল পাঁচটায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু ম্যাচে।
এ বছর বাংলাদেশে ধারাবাহিক প্রীতি ম্যাচে যেভাবে দর্শক এসেছে মাঠে, আজও তেমন উপস্থিতিই চায় বাফুফে। সেই দর্শক ধরে রাখার বাড়তি দায়িত্ব কিন্তু ভুলে যেতে পারছে না প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।
আক্রমণভাগে তিন বিদেশি এমেকা, ওয়েডসন ও ল্যান্ডিং যোগ হওয়ায় এই শেখ জামাল এখন জাতীয় দলের চেয়েও শক্তিশালী! সেদিক থেকেও মাঠে কিছু করে দেখানোর তাড়া থাকছে। উপরন্তু জাপান যুবদলের ম্যাচ থেকে খেলোয়াড়ের কী শিখলেন, সেটিও আজ মাঠের পারফরম্যান্সে অনূদিত করে দেখানোর পালা।
বিশ্বকাপ খেলা দেশের অন্যতম এই বড় দলটিও ‘কোরীয়–ছন্দ’ দেখানোর প্রতিশ্রুতি দিচ্ছে। সেটি দেখাও হতে পারে ভিন্ন এক স্বাদ। দোভাষীর মাধ্যমে বুসান আইপার্কের কোচ উন সুং হুর কাল বাফুফে ভবনের সংবাদ সম্মেলনে অবশ্য প্রথমেই ‘সম্প্রীতির ম্যাচ’ বললেন এটিকে। কোরিয়ার জাতীয় দলের সাবেক এই ফুটবলার পরক্ষণে বলতে ভোলেননি, ‘আমরা এমন খেলতে চাই যাতে ঢাকার দর্শক আমাদের মনে রাখে।’
কিন্তু বিনা লড়াইয়ে আত্মসমর্পণ করার পাত্র নন শেখ জামাল কোচ মারুফুল হক। এটা ঠিক, বুসান আইপার্কের খ্যাতির কাছে তাঁর দল অখ্যাতই। তার ওপর গত মৌসুমের দলটির দুটি ম্যাচ ভিডিওতে দেখে ড্র করার কথাও মুখে আনছেন না। বুসান দলটি অনেক শক্তিশালী, প্রেসিং ফুটবলটাই বেশি খেলে। মাঝমাঠ থেকে একক নৈপুণ্যে আক্রমণে যাওয়ার অনেক খেলোয়াড় তাদের ভান্ডারে। যে কারণে মাঝমাঠ শক্তিশালী রেখে ৩-৫-২ ছকে যাবে বুসান। পাল্টা দিতে মারুফ ভেবে রেখেছেন, ‘মাঝমাঠে আমরা দুটি লাইন তৈরি করে রাখব। একটা পেরোলে যেন অন্যটিতে আটকে যায় ওরা।’
ব্যক্তিগত নৈপুণ্য আর টেকনিকে অনেকটাই এগিয়ে অতিথি দল। শেখ জামাল খেলোয়াড়দের তাই এটা মানসিক ও শারীরিক সক্ষমতার পরীক্ষাই। সব দেখেশুনে মারুফ কৌশলী অবস্থানই নিয়েছেন, ‘ফল নিয়ে ভাবছি না। লড়াই করব আমরা। টিম স্পিরিট থাকলে সেটি খুবই সম্ভব।’ অধিনায়ক নাসির উদ্দিন সাহস জোগাচ্ছেন কোচকে, ‘মাঠে ফাইট করলে ভালো কিছু করা অবশ্যই সম্ভব। সেটার জন্য আমরা প্রস্তুত।’
প্রতিপক্ষকে সময় ও জায়গা ছাড়লেই বিপদ, এটা ধরে নিয়েই কাজ করছেন মারুফ। ৪-৩-৩ ছক কষে বল পজেশন রাখার ওপর গুরুত্ব তো দিচ্ছেনই, প্রতিপক্ষ বল পেলে নয়জন খেলোয়াড় যেন বলের পেছনে থাকেন, লক্ষ্য রাখছেন সেদিকেও।
বুসান আইপার্কের অতীত ঝলমলে হলেও বর্তমানটা সাদামাটাই। গত লিগে ১২ দলে অষ্টম। কোরিয়া জাতীয় দলের দুজন খেলেন এই ক্লাবে, তাঁদের রেখে আসতে হয়েছে জাতীয় দলের এশিয়ান কাপের ক্যাম্পে। দলের তিন ব্রাজিলিয়ানও নেই এই সফরে। দ্বিতীয় সারির দলই তারা এনেছে। খেলোয়াড়দের গড় বয়স ২৪। কিন্তু কেন অচেনা-অজানা বাংলাদেশে খেলতে আসা?
বুসানের কোচ বললেন, ‘আমাদের এই নতুন দলটাকে ভিন্ন পরিবেশে ম্যাচ খেলার স্বাদ দিতেই এসেছি। এই অঞ্চলে ফুটবলের জনপ্রিয়তার কথা শুনেছি। শেখ জামালের দুটি ম্যাচ ভিডিওতে দেখে মনে হয়েছে, ওরা ভালো দল।’ তাই নিজেদের আগ্রহেই এলাম। সেই আসাটা ‘এলাম, দেখলাম, জয় করলাম’ অনুভূতিতেই ভরিয়ে রাখতে চান বুসানের অধিনায়ক লি কুং রুল, ‘অবশ্যই আমরা ভালো খেলা দেখাতে চাই।’
শেখ জামাল লড়াই করে ম্যাচটাকে জমাট এবং উপভোগ্য করতে পারবে? তা দেখতে মাঠে আসার আমন্ত্রণ সবার।