কোর্তোয়ার অর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বয়স মাত্র ২২, অথচ এই মুহূর্তে বিশ্বসেরা গোলরক্ষকদের ছোট্ট তালিকাতেও রাখতে হবে তাঁর নাম। গত মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদের লা লিগা জয়ে বড় ভূমিকা ছিল, এই মৌসুমে চেলসির গোলপোস্টের নিচেও দুর্দান্ত। বেলজিয়ামকে নিয়ে গিয়েছিলেন ব্রাজিল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। দারুণ একটা বছরের পুরস্কারও পেলেন, ২০১৪ সালে বেলজিয়ামের বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদের স্বীকৃতি পেয়েছেন থিবো কোর্তোয়া।
দেশের হয়ে কোনো প্রাপ্তি সব সময়ই আলাদা কিছু। কোর্তোয়ার এই অর্জনের মাহাত্ম্য বেড়ে যাচ্ছে আরও একটা কারণে। সেই ১৯৬৭ সালে প্রবর্তিত এই পুরস্কার এই প্রথম জিতলেন কোনো ফুটবলার। কোর্তোয়ার জাতীয় দল ও ক্লাব সতীর্থ এডেন হ্যাজার্ড হয়েছেন পঞ্চম, ভলসবুর্গের বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন অষ্টম। টানা দ্বিতীয় বছর বর্ষসেরা কোচ হয়েছেন বেলজিয়াম জাতীয় দলের কোচ মার্ক উইলমটস। বিশ্বকাপে রাশিয়ার সঙ্গে জয়ের নায়ক ১৯ বছর বয়সী ডিভক অরিগি পেয়েছেন বর্ষসেরা উদীয়মানের পুরস্কার। মেইল অনলাইন।