কোয়ার্টার ফাইনালে বেলের ওয়েলস

মার্টিন ও’ নিল জানিয়েছিলেন, গ্যারেথ বেলকে ভয় পায় না তাঁর দল। ম্যাচের আগেই উত্তর আয়ারল্যান্ড কোচের এমন উক্তি বুঝিয়ে দিয়েছিল, রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডই তাদের মূল দুশ্চিন্তা। ও’নিলের আশঙ্কাই সত্য হলো। বেলের ছোঁয়াতেই উত্তর আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেল ওয়েলস।
ম্যাচ পরিকল্পনায় উত্তর আয়ারল্যান্ড কোচ বলেছিলেন, বেলকে ম্যাচের একটা বড় অংশজুড়েই পাহারায় রাখতে হবে। তাঁর ছাত্ররা হতাশ করেননি, বেলকে যথাসম্ভব পাহারা দিয়েই রেখেছিলেন আইরিশরা। কিন্তু বেলের মতো খেলোয়াড়রা তো এক মুহূর্তেই ম্যাচের রং বদলে ফেলতে পারেন। আজও বেলের দুর্দান্ত ওরকমই এক মুহূর্ত জয় এনে দিল তাঁর দল ওয়েলসকে।
না, বেল কোনো গোল করেননি। এমনকি গোলে সহায়তা করেছেন, স্কোরবোর্ডে এ কথাও লেখা থাকবে না। বেলদের ইতিহাসে নাম লেখানোর গোলটি যে ছিল আত্মঘাতী। ম্যাচের ৭৫ মিনিটে উত্তর আয়ারল্যান্ডের ডিফেন্ডার গ্যারেথ ম্যাকলি করেছেন সেই গোল। কিন্তু ম্যাকলিকে দোষ দেওয়া যাচ্ছে না। বেল যে ক্রসটি দিয়েছেন, সেটি ম্যাকলি ফেরাতে চেষ্টা না করলেও গোলটি হতো। ম্যাকলির পেছনেই যে ছিলেন ওয়েলস স্ট্রাইকার রবসন-কানু।