কোয়ার্টার ফাইনালে মোহামেডানকে সঙ্গে নিল আবাহনী

গোলের পর আবাহনী ডিফেন্ডার মাসিহ সাইগানিছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দুর্দান্ত অলরাউন্ডার!’

মাসিহ সাইগানি ফুটবলার না হয়ে ক্রিকেটার হলে অনায়াসে তাঁর নামের সঙ্গে লিখে দেওয়া যেত এই তকমা। সেন্টারব্যাক হিসেবে আফগান এই ডিফেন্ডারের মূল কাজ রক্ষণ সামলানো। তা তিনি ভালোভাবে সামলাতে পারেন বলেই দুই প্রতিবেশী বাংলাদেশ ও ভারতের ক্লাব তাঁকে নিয়ে টানাটানি করে।

তবে রক্ষণ সামলে গোল করতেও জুড়ি নেই দীর্ঘদেহী এই ডিফেন্ডারের।

আগের ম্যাচের মতো আজও আবাহনী লিমিটেডের গোলের খাতা খুলেছেন মাসিহ। আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মাসিহ ছাড়া আবাহনীর হয়ে আরও একটি গোল করেন হাইতিয়ান ফরোয়ার্ড কেভিন বেলফোর্ট।

দুই বিদেশির কল্যাণে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ২–১ গোলে হারিয়ে ‘ডি’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে পা রেখেছে আবাহনী।

মুক্তিযোদ্ধার হয়ে ব্যবধান কমিয়েছেন বদলি রোহিত সরকার। আবাহনীর এ জয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠল মোহামেডান স্পোর্টিং। টানা দুই হারে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল মুক্তিযোদ্ধা সংসদ।

হাইতিয়ান ফরোয়ার্ড কেভিন বেলফোর্টের গোলের পর তাঁকে জড়িয়ে ধরছেন সাইগানি
ছবি: প্রথম আলো

প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে ৩–০ গোলে উড়িয়ে দিয়েছিল আবাহনী। সেই ম্যাচ থেকে দুটি পরিবর্তন করে একাদশ সাজিয়েছিলেন আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমোস।

গোলরক্ষক সুলতান মাহমুদের স্থলে ফিরেছেন নিয়মিত গোলরক্ষক শহিদুল আলম। আর মামুনুল ইসলামের জায়গায় মোহাম্মদ সোহেল রানা।

ম্যাচের শুরু থেকেই বলের দখলে এগিয়ে ছিল আবাহনী। ৩০ মিনিটে ফ্রি–কিক থেকে দুর্দান্ত গোল করে এগিয়ে নেন মাসিহ।

বক্সের সামনে থেকে মাসিহর বাঁ পায়ের জোরালো প্লেসিং শট ডান দিকে ঝাঁপিয়েও নাগাল পাননি মুক্তিযোদ্ধা গোলরক্ষক নুরুল করিম।

গোলের সুযোগ নষ্ট করেন নাবিব নেওয়াজ জীবন
ছবি: প্রথম আলো

টুর্নামেন্টে মাসিহর এটি দ্বিতীয় গোল। তিন মিনিট পরই ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করেন আবাহনী অধিনায়ক ও ফরোয়ার্ড নাবিব নেওয়াজ। বক্সের মধ্যে ‘আনমার্কড’ অবস্থায় বল পেয়ে তাঁর নেওয়া ভলি পোস্টে ছিল না।

অবশ্য ৬৯ মিনিটে নাবিবের কর্নার থেকেই ২–০ করেছেন হাইতিয়ান ফরোয়ার্ড কেভিন বেলফোর্ট।

৮৭ মিনিটে মুক্তিযোদ্ধার হয়ে ব্যবধান কমান মিডফিল্ডার রোহিত। অবশ্য আবাহনীর গোল হজমের পেছনে তাদের গোলরক্ষক শহিদুলের দায় কম না।

একটি ফ্রি–কিকে সঠিকভাবে ‘পাঞ্চ’ করতে ব্যর্থ হন শহিদুল। সামনে বল পড়লে জোড়ালো শটে গোল করেন রোহিত। এরপর সমতায় ফেরার মতো সুযোগ থাকলেও আর গোলের সুযোগ তৈরি করতে পারেনি তারা।

আবাহনীর আক্রমণভাগকে ঠেকাতে পারেনি মুক্তিযোদ্ধা সংসদ
ছবি: প্রথম আলো

কোয়ার্টার ফাইনালে খেলতে আজ জয়ের কোনো বিকল্প ছিল না মুক্তিযোদ্ধার। উল্টো হেরেই টুর্নামেন্ট শেষ করতে হলো তাদের।

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আবাহনী মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের রানার্সআপ উত্তর বারিধারা। শেষ আটে মোহামেডানের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের সেরা সাইফ স্পোর্টিং ক্লাব।