ক্যান্টোনা-দেশম আইনি লড়াই

এরিক ক্যান্টোনা যেন প্রতিজ্ঞা করেছেন, মুখ খুললেই বিতর্ক সৃষ্টি করবেন। দল নির্বাচনে দিদিয়ের দেশম বর্ণবৈষম্য করেছেন, এমন ইঙ্গিত দেওয়ায় এখন আইনি ঝামেলা পোহাতে হতে পারে সাবেক ফ্রেঞ্চ স্ট্রাইকারকে।
ফ্রান্সের ইউরো দলে নেওয়া হয়নি করিম বেনজেমা ও হাতেম বেন আরফাকে। দ্য গার্ডিয়ান ক্যান্টোনাকে প্রশ্ন করেছিল, এর পেছনে বর্ণবৈষম্য কাজ করেছে কি না? ঘুরিয়ে-ফিরিয়ে ‘হ্যাঁ’ই বলেছেন ক্যান্টোনা, ‘না বোধ হয়, কে জানে হতেও পারে। কেন নয়? একটি বিষয় নিশ্চিত, বেনজেমা ও বেন আরফা ফ্রান্সের সেরা দুই খেলোয়াড় এবং তারাই ইউরোতে খেলছে না। আর ওদের দুজনই উত্তর আফ্রিকান বংশোদ্ভূত, সুতরাং বিতর্কের পথ খোলা।’
তাৎক্ষণিকভাবে কোচ দেশম কোনো প্রতিক্রিয়া জানাননি, প্রতিক্রিয়া জানায়নি ফ্রান্স ফুটবল ফেডারেশনও। তবে দেশমের আইনজীবী কার্লোস ব্রুসা জানিয়েছেন, ‘এরূপ মিথ্যাচার আমার মক্কেলের মানহানির কারণ হয়েছে। আমরা তার (ক্যান্টোনা) বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি আদালতে মামলা করব।’
উল্লেখ্য সতীর্থ ম্যাথু ভালবুয়েনাকে ভয় দেখিয়ে চাপে ফেলার অভিযোগে জাতীয় দল থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে বেনজেমাকে। কিন্তু বেন আরফার ফ্রান্স দলে না থাকার কোনো যৌক্তিক কারণ দেখেন না ফুটবলবোদ্ধারাও। ডেইলি মেইল।