ক্যান্টোনার মতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুজনের কখনো দেখা হয়েছে কি না, কে জানে! তবে এরিক ক্যান্টোনা মনে হয় একজন ভাবশিষ্য পেয়ে গেলেন। তবে ফুটবল-দক্ষতায় নয়, আচরণগতভাবেই সেবাস্টিয়ান পল নামের এই শিষ্য অনুসরণ করছেন ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তিকে। আর্জেন্টাইন এই স্ট্রাইকার খেলেন চিলিয়ান লিগের দল অডাক্স ইতালিয়ানোতে। লিগে ইউনিভার্সিদাদ কাতোলিকার মাঠে খেলছিল পলের দল। ৪-১ গোলে হেরে যাওয়া ম্যাচটিতে এক দর্শক কটু কথা বলেছিলেন, পলও রেগেমেগে মাঠের বেষ্টনী লাফিয়ে গিয়ে ওই দর্শককে ধাঁই করে কষিয়ে দেন লাথি! ঠিক ২১ বছর আগে ক্রিস্টাল প্যালেসের এক দর্শকের সঙ্গে যা করেছিলেন ক্যান্টোনা। ফ্রেঞ্চ কিংবদন্তিকে শাস্তি হিসেবে ১২০ ঘণ্টা সামাজিক সেবামূলক কাজ করতে হয়েছিল। পলও পাচ্ছেন শাস্তি, আগামী ২০ দিন মাঠের আশপাশেও ভিড়তে পারবেন না তিনি। এএফপি।