প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাফল্যের বিচারে রিয়াল মাদ্রিদ সর্বকালের অন্যতম সেরা। স্প্যানিশ ক্লাবটির বাণিজ্যিক দূরদৃষ্টিও প্রখর। গত বছর সবচেয়ে বেশি মুনাফা করেছে তারাই। স্পেনের বাইরে এবার নিজেদের প্রথম রেস্তোরাঁ খুলেছে ক্লাবটি। অনুমান করতে পারেন কোথায়? না, ইউরোপের কোনো শহরে নয়, ‘রিয়াল ক্যাফে’ নামে এই রেস্তোরাঁ খোলা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে। শীতকালীন অবকাশে এ মুহূর্তে দুবাইতে অনুশীলন করছে রিয়াল। রেস্তোরাঁটা গত জুন থেকেই শুরু হয়েছে, তবে আগামীকাল কাগজে-কলমে শুভযাত্রা হচ্ছে এটির। দ্বিতল এই রেস্তোরাঁয় একসঙ্গে প্রায় ৩৫০ জন লোক বসতে পারবেন। সরাসরি দেখানো হবে রিয়ালের সব ম্যাচ। সামনের সপ্তাহেই আবার এসি মিলানের সঙ্গে দুবাইয়ে একটি প্রীতি ম্যাচ খেলবে রিয়াল। এই কদিন রেস্তোরাঁটিতে বোধ হয় তিল ধারণের ঠাঁই থাকবে না! এএস।