ক্যারিবীয় স্বপ্ন নিয়ে বাংলাদেশে

বাড়ির পাশে ক্যারিবিয়ান সাগর। পা বাড়ালেই সৈকত। অথচ কখনো সাগর তাঁকে তেমন টানেনি। পশ্চিম হাইতির ছোট্ট শহর সেন্ট মার্কের ফুটবল মাঠই বেশি টানত অগাস্টিন ওয়ালসনকে।
হাইতির ক্লাব ডন বসকো এফসি, বাল্টিমোর এফসি এবং ভ্যালেন্সিয়া এফসিতে খেলেছেন। সাত সাগর তেরো নদী পাড়ি দিয়ে গত মৌসুমে এসেছেন বাংলাদেশে। ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলছেন বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে। এই মৌসুমে কাল পর্যন্ত লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা (১৪টি)। সর্বোচ্চ গোলদাতা আরেক হাইতিয়ান ওয়েডসন আনসেলমে (১৫টি)।
গোপীবাগের ক্লাব ভবনে অলস দুপুরে অন্যরা যখন ভাতঘুম দিচ্ছেন, ওয়ালসন ব্যস্ত মুঠোফোনে। কার সঙ্গে কথা বলছেন? ওয়ালসনের হাসিমাখা উত্তর, ‘মায়ের সঙ্গে।’ একটু দুষ্টুমিও করলেন, ‘এখন আমার দুই মা।’ এক বছরের মেয়ে ওয়ালডেনিকা যে মায়ের আদরে ভাগ বসিয়েছেন, সেটাই জানালেন!
মা এমুলিন ভ্যালেরোল চাননি ওয়ালসন ফুটবলার হোক। ওয়ালসন তখন চার বছরের ছোট্টটি। বাবার সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় মায়ের। আরেকটি বিয়ে করে বাবা পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। নিদারুণ অর্থকষ্টে পড়ে চোখে সরষে ফুল দেখছিলেন ভদ্রমহিলা। বাধ্য হয়ে ঘরে বসে ডুস মাকোস (একরকম হাইতিয়ান কেক) তৈরি শুরু করেন। ওই কেক শহরের দোকানে বেচতেন ফেরি করে। আর দশজন মায়ের মতোই ছেলেকে নিয়ে স্বপ্ন দেখতেন—লেখাপড়া শিখে মায়ের দুঃখ ঘোচাবে। কিন্তু ছেলের চোখে যে অন্য স্বপ্ন, মা তা জানতেনই না। ওয়ালসন সারা দিন টেলিভিশন দেখতেন। গান, সিনেমা নয়—ফুটবলই আকর্ষণ। স্কুলেও খুঁজে পাওয়া যায় না। বাউন্ডুলেদের মতোই থাকতেন নিজের ‘ফুটবলজগৎ’ নিয়ে। প্রসঙ্গটা তুলে যেন ফিরে গেলেন সোনালি কৈশোরে, ‘মা আমাকে স্কুলে পাঠিয়ে কেক নিয়ে বেরোতেন। আমি তখন স্কুল ফাঁকি দিয়ে ফুটবল খেলতাম। কিন্তু মা ঠিকই জেনে যেতেন। আর স্কুল থেকে ফিরলেই পিটুনি জুটত।’
তত দিনে ওয়ালসনের ফুটবল-প্রতিভার কথা আশপাশের সবাই জেনে গেছেন। প্রতিবেশীরা, ফুটবল কোচরা এসে বলতেন, ‘তোমার ছেলে চমৎকার খেলছে। ওকে ভালো ক্লাবে দাও।’
ওয়ালসনকে হাইতির ফুটবল একাডেমিতে ভর্তি করলেন মা। এরপর হাইতির বয়সভিত্তিক দলে খেলেছেন। জাতীয় দলেও খেলেছেন প্রীতি ম্যাচে। তিন বছর আগে ক্যারিবিয়ান কাপের বাছাইপর্বের প্রস্তুতি ম্যাচে গোল করেছিলেন ফ্রেঞ্চ গায়ানার বিপক্ষে।
একাডেমিতেই পরিচয় শেখ জামালে খেলে যাওয়া সনি নর্দের সঙ্গে। জানালেন সেখানেই বন্ধুতার শুরু, ‘সনি আমার বন্ধু। একাডেমিতে আমাদের মানিকজোড় বলত সবাই। ও বোকা জুনিয়র্সে সুযোগ পেলে আমাকেও যেতে বলেছিল। কিন্তু আমার ক্লাব সভাপতি তখন যেতে দেননি।’
বাংলাদেশ নামটাও সনির কাছেই শোনা, ‘এখানে আসার আগে সনির সঙ্গে কথা বলতাম নিয়মিত। তখন আমার ফ্রান্সে যাওয়ার কথা। কিন্তু একদিন সনি বলল, বাংলাদেশে খেলবে? তুমি চাইলে তোমার জন্য কিছু একটা করতে পারি।’ এজেন্টের মাধ্যমে আবাহনীতে ট্রায়াল দিলেও সুযোগ মেলেনি। মোহামেডানও বিদেশি কোটা পূরণ হওয়ায় ফিরিয়ে দেয়। পরে ব্রাদার্সের হয়ে গত মৌসুমের দ্বিতীয় পর্বে শুরু।
খেলার প্রথম উপার্জনটা তুলে দিয়েছিলেন মায়ের হাতে। এখনো স্ত্রী-কন্যার খরচের পাশাপাশি মাকে টাকা পাঠান। মায়ের ব্যবসা বড় হয়েছে। সময় পেলেই ভাইবার, ইমোতে ‘দুই মায়ের’ সঙ্গে সরাসরি কথা বলেন। তবু ফিরে যেতে ইচ্ছে করে হাইতিতে, ‘সারাক্ষণ ওদের মনে পড়ে। কিন্তু পেশাদার ফুটবলারকে তো খেলাতেই মন দিতে হয়।’
বাংলাদেশের ঘরোয়া ফুটবলে হাইতিয়ানদের দাপট চলছে কয়েক মৌসুম ধরে। সনি নর্দে শেখ রাসেলকে ট্রেবল জিতিয়েছেন। পরের বছর শেখ জামালকে লিগ চ্যাম্পিয়ন করে চলে গেছেন ভারতে। শেখ জামালের কিংস কাপ ও ফেডারেশন কাপ জেতায় বড় অবদান ওয়েডসনের। লিগে এ পর্যন্ত ব্রাদার্সের ২৫ গোলের ১৪টিই ওয়ালসনের! বাস্তবতার জমিনে পা রেখে ওয়ালসনের আফসোস, ‘চ্যাম্পিয়ন হতে পারব না। তবে রানার্সআপ বা তৃতীয় হলেই খুশি হব।’