ক্যারিয়ার শুরুর আগেই কর ফাঁকি দিয়েছিলেন নেইমার!

শেষ পর্যন্ত কর ফাঁকির মামলায় হেরেই গেলেন নেইমার। ব্রাজিলের আদালতে আজ বৃহস্পতিবার ২৩ বছর বয়সী ফরোয়ার্ডের আপিল নাকচ হয়ে গেছে।
এতটুকু পড়েই চমকে যাবেন না। এই মামলা সান্তোস থেকে বার্সেলোনায় তাঁর দলবদল নিয়ে চলা সেই আলোচিত ঝামেলা নিয়ে নয়। এই মামলা যে নেইমারের পেশাদার ক্যারিয়ার শুরুরও আগে। সান্তোসের সিনিয়র দলে সুযোগ পাওয়ার আগেই কর ফাঁকি দিয়েছিলেন নেইমার। অন্তত আদালতে সেই অভিযোগই প্রমাণিত হলো!
সান্তোসের মূল দলে নেইমার খেলতে শুরু করেছিলেন ২০০৯ সালে। তারও আগে ২০০৭-০৮ সালে নাকি আয়ের পরিমাণ কম দেখিয়ে কর ফাঁকি দিয়েছিলেন বর্তমান বার্সা ফরোয়ার্ড। চার বছর আগে করা এই অপরাধে ২০১২ সালেই প্রথম নেইমারকে ১ লাখ ১২ হাজার ডলার (বাংলাদেশি টাকায় ৮৭ লাখেরও বেশি) জরিমানা করেছিল ব্রাজিলের অর্থ বিভাগ। তখন এর বিরুদ্ধে আবেদন করেন নেইমার। সেই মামলা এত দিন ধরে চলার পর অবশেষে রায় এল। আজ আদালত নেইমারের আপিল নাকচ করে দিয়েছেন।
অবশ্য নেইমারের জন্য এই অর্থ ‘মাত্র’র চেয়েও কম। বার্সেলোনার সঙ্গে বর্তমান চুক্তি অনুযায়ী প্রতি সপ্তাহেই যে স্প্যানিশ ক্লাবটির কাছ থেকে প্রায় ২ লাখ ১৫ হাজার ডলার বেতন পাচ্ছেন ব্রাজিল অধিনায়ক। তবে তাঁর ভাবমূর্তির জন্য এই রায় নেতিবাচক প্রভাব ফেলল। এমনিতেই সান্তোস থেকে বার্সায় তাঁর দলবদলের ফি নিয়ে স্পেন ও ব্রাজিলে দুটি ভিন্ন মামলাও চলছে।
দলবদল ফি কম দেখিয়ে বার্সা কর ফাঁকি দিয়েছে। এই অভিযোগে স্প্যানিশ আদালতে মামলা চলছে। যাতে কাতালান ক্লাবটির সঙ্গে জড়িয়ে নেইমারের পাশাপাশি জড়িয়ে পড়েছে তাঁর পরিবারও। আর একই বিষয়ে ব্রাজিলের বিনিয়োগ কোম্পানি ডিআইএস আলাদা মামলা করেছে ব্রাজিলের আদালতে। সান্তোসে থাকার সময়ে নেইমারের খেলোয়াড়ি সত্ত্বের ৪০ শতাংশের অধিকার ছিল এই কোম্পানিটির কাছে।
দলবদল ফি কম দেখিয়ে তাদের ক্ষতিগ্রস্ত করা হয়েছে, এই অভিযোগে নেইমার, তাঁর পরিবার, বার্সেলোনা ও সান্তোস—সবার বিরুদ্ধেই মামলা করেছে ডিআইএস। যে মামলায় গত সেপ্টেম্বরে নেইমারের প্রায় ৪২ মিলিয়ন ইউরো পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ব্রাজিলের আদালত। এরপর আজ এই জরিমানার রায় হলো। মাঠের বাইরে ভালোই ঝামেলায় জড়িয়েছেন ব্রাজিল তারকা! এএফপি।