এমনিতেই বার্সেলোনায় তেমন খেলার সুযোগ পাচ্ছিলেন না। নিয়মিত খেলার জন্য এই মৌসুমের শুরুতেই বার্সা থেকে ধারে গ্রিক ক্লাব পিএওকেতে যোগ দিয়েছিলেন সেনেগালিজ রাইটব্যাক মুসা ওয়াগ। তবে বাড়তি খেলার আশায় তাঁর সঙ্গে যা হলো, এখন হয়তো তাঁর মনে হতেই পারে, বার্সায় থাকলেই ভালো ছিল। অন্তত ক্যারিয়ারটা তো বাঁচত!
গত রোববার গ্রিস সুপার লিগে আরিস থেসালোনিকির বিপক্ষে মাঠে নেমেছিল মুসা ওয়াগের পিএওকে। ম্যাচে হাঁটুতে ভয়ংকর চোট পেয়েছেন ওয়াগ। ২২ বছর বয়সী ডিফেন্ডার আর কখনো খেলতে পারবেন কি না, তা নিয়েই দেখা দিয়েছে শঙ্কা।
উইঙ্গার ব্রুনো গামার পেনাল্টিতে ১-০ ব্যবধানে ম্যাচটা জিতেছে আরিস। তবে ব্যবধানটা আরও বড় হতে পারত; যদি মুসা ওয়াগ একটা গোল না বাঁচাতেন। কিন্তু গোলটা হলেই বোধ হয় বেশি ভালো হতো! গোলটা বাঁচাতে গিয়ে যে ক্যারিয়ারটাকেই সংশয়ে ফেলে দিলেন ওয়াগ!
গোললাইনের দিকে এগিয়ে যাওয়া একটা শট ক্লিয়ার করতে গিয়ে দৌড়ে পোস্ট বরাবর চলে আসেন ওয়াগ, বলে লাথিও মারেন। কিন্তু বাঁ পায়ে লাথি মারার সময় শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে ডান হাঁটুটা বাজেভাবে ধাক্কা খায় পোস্টের সঙ্গে। আর উঠে দাঁড়াতে পারেননি এই ডিফেন্ডার। স্ট্রেচারে করে মাঠ ছাড়েন।
অনুমান করা হচ্ছে, এই সেপ্টেম্বরেই পিএওকেতে আসা এই রাইটব্যাক এর মধ্যেই নতুন ক্লাবের হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন। ক্যারিয়ারেই আর কখনো মাঠে নামতে পারেন কি না, সন্দেহ।
প্রাথমিক পরীক্ষায় জানা গেছে, হাঁটুর প্যাটেলার টেনডন, মিডিয়াল কোলাটেরাল, পোস্টেরিওর ও অ্যান্টেরিওর ক্রুশিয়েট লিগামেন্ট সব ক্ষতিগ্রস্ত হয়েছে, ছিঁড়ে গেছে। লিগামেন্টের চোটেই একজন খেলোয়াড়কে মাসের পর মাস মাঠের বাইরে থাকতে হয়, সেখানে লিগামেন্টসহ এত চোটের পর মুসা ওয়াগের অবস্থাটা কেমন, সেটা হয়তো আলাদা করে আর ব্যাখ্যা করতে হচ্ছে না। এ ধরনের চোটে সাধারণত একজন মানুষের হাঁটার ক্ষমতাই চলে যায়, খেলা তো দূর। শিগগিরই বার্সেলোনায় তাঁর অস্ত্রোপচার হবে।
পিএওকের মূল একাদশের রাইটব্যাক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছিলেন ওয়াগ। সব প্রতিযোগিতা মিলিয়ে এর মধ্যে ১১ ম্যাচ খেলা হয়ে গেছে তাঁর। এর মধ্যে ছয় ম্যাচে মূল একাদশে ছিলেন।