ক্যালদেরনের 'শেষ' সম্রাট

ভিসেন্তে ক্যালদেরনের শেষ মাদ্রিদ ডার্বির সবচেয়ে উজ্জ্বল ছবি এটি—উদ্ধত সম্রাটের ভঙ্গিতে দাঁড়িয়ে ক্রিস্টিয়ানো রোনালদো!
পঞ্চাশ বছরে কত মাদ্রিদ ডার্বিই তো দেখেছে স্টেডিয়ামটি। কিছু শেষ হয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদের হাসিতে, বেশির ভাগই দীর্ঘশ্বাসে। শেষটাও হলো তেমন। অ্যাটলেটিকোর ঐতিহাসিক মাঠটিতে এটিই হতে পারে শেষ মাদ্রিদ ডার্বি। তাতে শেষবেলার আলোটা নিজের দিকেই টেনে নিলেন রোনালদো! পর্তুগিজ ফরোয়ার্ডের হ্যাটট্রিকে রিয়াল জিতল ৩-০ গোলে। একটা রেকর্ডও হলো রোনালদোর, রিয়ালেরই কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানোকে পেরিয়ে মাদ্রিদ ডার্বির সর্বোচ্চ গোলদাতা এখন তিনিই (১৮টি)।
অথচ ম্যাচের আগের সব সমীকরণ ছিল রিয়ালেরই বিপক্ষে। গত তিন বছরে লিগে অ্যাটলেটিকোকে হারাতে পারেনি রিয়াল। বর্তমানও বা পক্ষে ছিল কই? চোট নিয়মিত একাদশের পাঁচ-ছয়জনকেই কেড়ে নিয়েছে ম্যাচের আগে।
তাতে কী? রোনালদো তো ছিলেন! মূল দুই স্ট্রাইকার বেনজেমা-মোরাতা নেই, এই ম্যাচ তাই দেখল ‘স্ট্রাইকার’ রোনালদোকে। ২৩ মিনিটে প্রথম গোলটি করলেন ফ্রি-কিকে, যদিও অ্যাটলেটিকোর মানবদেয়ালে দাঁড়ানো স্টেফান সাভিচের গায়ে লেগে বলটা দিক বদলে জড়ায় জালে। আর দ্বিতীয়ার্ধে ৬ মিনিটের ঝলকে আসে হ্যাটট্রিক—৭১ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয়টি, ৭৭ মিনিটে গ্যারেথ বেলের দুর্দান্ত ক্রসে পা ছুঁইয়ে তৃতীয় গোল।
রোনালদোর হ্যাটট্রিকও অবশ্য এখন আর এমন আশ্চর্য কী! রিয়াল ফরোয়ার্ডের কাছে এ তো এখন যেন ডালভাত। এই মৌসুমেই এটি রোনালদোর দ্বিতীয় হ্যাটট্রিক। তবে পরশুর হ্যাটট্রিকটির আলাদা গুরুত্ব, এটি অনেক সমালোচনার জবাব। মৌসুমের শুরু থেকেই কিছুটা বিবর্ণ রোনালদোর ‘আমি ফিরছি’ ঘোষণা। সতীর্থ লুকাস ভাসকেজই যেমন বললেন, ‘আজ রাতে ক্রিস্টিয়ানো সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছে।’
কোচ জিদানের চোখে এটি রোনালদোর ব্যালন ডি’অর জয়ের পথে আরেকটি সিঁড়ি, ‘এই ম্যাচে তিন গোল হয়তো অন্য অনেকের ধারণা বদলে দেবে। তবে আমার কাছে এিট তর্কাতীত। ব্যালন ডি’অর ওরই।’ তবে স্ট্রাইকার হিসেবে দুর্দান্ত খেললেও রোনালদোকে নিয়মিত ‘নাম্বার নাইনে’ রাখার নিশ্চয়তা জিদান দিচ্ছেন না, ‘কোনো কিছুই নির্দিষ্ট নয়। ও স্বস্তিতে ছিল, সেটা আমরা জানিও। তবে প্রতি ম্যাচের আগেই আমরা সব দিক দেখে সিদ্ধান্ত নেব।’
মৌসুমে তর্ক সাপেক্ষে রিয়ালের সবচেয়ে দুর্দান্ত পারফরম্যান্সের খুশিও ফুটল জিদানের কণ্ঠে, ‘কঠিন এক প্রতিপক্ষের সঙ্গে শুরু থেকেই আমরা দারুণ একটা ম্যাচ খেললাম। হাতে গোনা কয়েকটি দলই আছে, যারা এখানে এসে ৩-০-তে জিততে পারবে। তবে যা করছি, সেটা করে যেতে হবে। এখনো কিছুই জিতিনি আমরা।’
অবশ্য পয়েন্ট তালিকায় ৪ পয়েন্ট এগিয়ে সবার ওপরে, তার ওপর এমন পারফরম্যান্স—‘কিছুই জিতিনি’ কথাটা মে মাসে বদলাবে না, সেটি কে বলতে পারে! রয়টার্স, এএফপি।