ক্যাসিনোর পর এবার করোনা...

গত সেপ্টেম্বরের ক্যাসিনোবিরোধী অভিযানের পর অর্থনৈতিক দুর্দশা চলছে আরামবাগ ক্রীড়া সংঘের। আর্থিক সংকটে এ মৌসুমে ফুটবল দলই গঠন করতে চাইছিল না তারা। একটি ক্লাব থেকে পাওয়া সহায়তায় শেষ পর্যন্ত দল গঠন করে খেলা চালিয়ে যাচ্ছিল। কিন্তু এবার হানা দিয়েছে করোনাভাইরাস। অর্থনৈতিক স্থবিরতায় এবারের লিগে আর খেলতে চায় না দলটি।
করোনাভাইরাসের কারণে ২৪ মার্চ স্থগিত ঘোষণা করা হয় বাংলাদেশের প্রিমিয়ার লিগ। স্থগিত হওয়ার আগে ষষ্ঠ রাউন্ডের খেলা চলছিল। করোনা থেকে মুক্ত হয়ে কবে থেকে পুনরায় বল মাঠে গড়াবে তার কোনো নিশ্চয়তা নেই। তবে খেলা শুরু হলেও আর অংশগ্রহণ করতে চায় না আরামবাগ।
এরই মধ্যে না খেলতে চেয়ে বাফুফেকে চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাবের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, 'এমনিতেই অর্থনৈতিক দুরবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। করোনা আমাদের আর্থিক সমস্যা আরও বাড়িয়ে দিয়েছে। আমাদের পৃষ্ঠপোষকেরা আর অর্থের যোগান দিতে পারবে না বলে জানিয়েছে। তাই বাফুফেকে চিঠি দিয়েছি লিগ পুনরায় শুরু হলে আমাদের পক্ষে খেলা সম্ভব নয়।'
সাধারণ সম্পাদক তাদের অস্বস্তির কারণটা খোলাসা করেছেন, 'খেলা না থাকলেও বিদেশিদের বেতন দিতে হচ্ছে, বাসা ভাড়া ও খাবার খরচ দিতে হচ্ছে। জুন মাসে তাদের চুক্তি শেষ হলে দেশে পাঠিয়ে দিতে পারলেই বাঁচি। তাদের সঙ্গে আর চুক্তি করছি না নিশ্চিত।' কিন্তু পুনরায় লিগ শুরু হলে আরামবাগ না খেললে নিয়ম অনুযায়ী অবনমন মেনে নিচের স্তরে যেতে হবে। এ নিয়মের কথা স্মরণ করিয়ে দিতেই শুধু স্থানীয় ফুটবলারদের নিয়ে খেলার সম্ভাবনার কথা জানিয়েছেন ইয়াকুব।
চিঠি প্রাপ্তির বিষয় স্বীকার করেছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। তবে তাঁর দাবি আরামবাগ খেলতে চাচ্ছে না, এটা এখনো বলা যাবে না, 'তারা খেলতে চায় না, বিষয়টা ঠিক তা নয়। আর্থিক দুরবস্থার জন্য তারা মনে করে লিগ না হলেই ভালো।'