ক্যাসিয়াসেই আস্থা আনচেলত্তির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময় সবারই বদলায়। বদলেছে ক্যাসিয়াসেরও। একসময় রিয়াল মাদ্রিদ সমর্থকদের কাছে যিনি ছিলেন ভালোবাসার ‘সন্ত ইকার’, তাঁর নামে এখন এমনকি দুয়োধ্বনিও ওঠে সান্তিয়াগো বার্নাব্যুতে! লা লিগায় গোলপোস্টের নিচে দাঁড়িয়ে সর্বশেষ দুই ম্যাচে ছয় গোল হজম করেছেন রিয়ালের শেষ প্রহরী। এরপর খুবই স্বাভাবিক যে, প্রথম একাদশে ক্যাসিয়াসের জায়গা নিয়ে প্রশ্ন উঠবে। সেই প্রশ্নের জবাবে কোচ কার্লো আনচেলত্তি অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যত যা-ই হোক, ক্যাসিয়াসের ওপরই আস্থা রাখছেন তিনি।
গত মৌসুমে লিগের ম্যাচগুলোতে খেলার সুযোগই পাননি ক্যাসিয়াস। লিগে খেলেছেন ডিয়েগো লোপেজ, ক্যাসিয়াস শুধু চ্যাম্পিয়নস লিগ ও কোপা ডেল রেতে। এ মৌসুমে ডিয়েগো লোপেজকে বিক্রি করে দিয়ে বিশ্বকাপে কোস্টারিকার নায়ক কেইলর নাভাসকে দলে টেনেছে রিয়াল। ক্যাসিয়াসের ঘাড়ের ওপর তাই নিঃশ্বাস পড়ছে এবারও। তবে গতকাল চ্যাম্পিয়নস লিগে বাসেলের বিপক্ষে ম্যাচের আগে আনচেলত্তির কথায় মনে হচ্ছে, এমন কিছু তিনি ভাবছেনই না। বলেছেন, ‘এ ধরনের পরিস্থিতি কীভাবে সামলাতে হয়, সেই অভিজ্ঞতা আর মনোবল দুটিই আছে ক্যাসিয়াসের। এ বিতর্ক এখানেই শেষ হচ্ছে। আমি পরিষ্কার করে দিতে চাই, আমার দলে এমন কোনো বিতর্ক নেই। গোলরক্ষক হিসেবে কে খেলবে, এ নিয়ে এ মৌসুমে আমি আর কোনো কথা বলব না।’
হামেস রদ্রিগেজ আর টনি ক্রুসদের আগমনে রিয়ালে এখন রীতিমতো তারার মেলা। কিন্তু তার পরেও লিগে প্রথম তিন ম্যাচের দুটিতেই হেরেছে রিয়াল। অ্যাঙ্গেল ডি মারিয়া ও জাবি আলোনসোকে ছেড়ে দেওয়া ঠিক হয়েছে কি না, এ আলোচনাও হচ্ছে। আনচেলত্তি যেটিকে পাত্তাই দিচ্ছেন না। নিজের দলকে ইউরোপ-সেরা দাবি করে বরং বলেছেন, ‘ইউরোপের অন্য কোনো দলের সঙ্গেই আমি আমার দলটাকে বদলাতে রাজি হব না।’ এএফপি।