ক্যাসিয়াসের চোখে মেসি
কখনো চিপ, কখনো কয়েকজনকে কাটিয়ে এসে বুদ্ধিদীপ্ত ফিনিশিং, কিংবা ক্ষিপ্রগতির শট। ইকার ক্যাসিয়াসকে কতভাবেই না ‘অতিষ্ঠ’ করে গেছেন বারবার! তবু সেই লিওনেল মেসিকেই একটা সম্মান দিলেন পোর্তো গোলরক্ষক। স্প্যানিশ গোলরক্ষকের চোখে মেসিই যে সবচেয়ে ভয়ংকর প্রতিপক্ষ।
রিয়াল মাদ্রিদের প্রায় ১৭ বছরের সম্পর্ক শেষে গত জুনে পাড়ি জমিয়েছেন পর্তুগিজ ক্লাব পোর্তোয়। এল ক্লাসিকোতে বার্সেলোনা ফরোয়ার্ডের মুখোমুখি হওয়ার যন্ত্রণাটাও তাঁকে আর সইতে হবে না এখন। ‘সন্ত ইকার’কে সেটি মনে করিয়ে দিল উয়েফার ফেসবুকে পাতায় ভক্তদের প্রশ্ন। কোন খেলোয়াড়ের মুখোমুখি হওয়া সবচেয়ে কঠিন—এমন প্রশ্নে স্পেন অধিনায়কের সোজা-সাপটা উত্তর, ‘মেসি...সব সময়ই মেসি। অনেকবারই ওর বিপক্ষে খেলেছি আমি।’
প্রতিপক্ষ তো জানা গেল, সতীর্থদের মধ্যে সেরা কে? পেছনে গোলপোস্টে দাঁড়িয়ে কার খেলা দেখে সবচেয়ে মুগ্ধ হয়েছেন ক্যাসিয়াস? এটির উত্তর নিয়েও হয়তো প্রশ্ন উঠবে না—‘জিজু (জিনেদিন জিদান)। ওর খেলা দেখতে অনেক ভালো লাগত।’
গোলপোস্টে কতবার যে বুক চিতিয়ে দাঁড়িয়েছেন দলের ত্রাতা হয়ে, দুর্দান্ত অনেক সেভ আছে ক্যারিয়ারে। এর মধ্যে সেরা সেভটি বেছে নিতে অবশ্য একটুও ভাবতে হয়নি ৩৪ বছর বয়সী ক্যাসিয়াসকে, ‘চ্যাম্পিয়নস লিগ ফাইনালে (২০০২) বেয়ার লেভারকুসেনের সঙ্গে যে সেভগুলো করেছি আমি, আর ২০১০ বিশ্বকাপ ফাইনালে আরিয়েন রোবেনের সেভটা।’ গোলডটকম।