ক্যাসিয়াসের দুঃসময়

অ্যাশলি ইয়াংয়ের শটটা কি ঠেকানো অসাধ্য ছিল? বা পরে ইয়াং যে গোলটা করলেন সেটির ফ্লাইটও তো বুঝতে ভুল করলেন! আরেকটু এগিয়ে এলে হাভিয়ের হার্নান্দেজ হেড করার আগেই বলটা ধরে ফেলতেন, তিন নম্বর গোলটাও তাহলে হয় না।পরশু রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে যে ৩ গোল খেল, তাতে গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের কতটা দায় সেটা নিয়ে তর্ক হতে পারে। তবে এটা নিশ্চিত, নিজের সেরা সময়ে থাকলে রিয়াল গোলরক্ষক অন্তত একটা গোল ঠেকিয়ে দিতেনই।
ক্যাসিয়াসের দুঃসময়ই যাচ্ছে এখন। দুই মৌসুম আগেও মাদ্রিদে তাঁর জায়গা ছিল প্রশ্নাতীত।সন্ত ইকারকে বসিয়ে রাখার ভাবনাটাও তখন ছিল স্পর্ধা। দুই মৌসুম আগে হোসে মরিনহো প্রথম ক্যাসিয়াসকে বেঞ্চে বসিয়ে রাখার দুঃসাহস দেখিয়েছিলেন। এরপর গত মৌসুমে কার্লো আনচেলত্তির দলেও হয়ে পড়েন অনিয়মিত। লা লিগায় খেলার সুযোগ বলতে গেলে পানইনি, চ্যাম্পিয়নস লিগ আর অন্যান্য প্রতিযোগিতায় শুধু তাঁর ওপর আস্থা রেখেছিলেন আনচেলত্তি।চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও তো আরেকটু হলে ডোবাতে বসেছিলেন দলকে, অ্যাটলেটিকো মাদ্রিদের প্রথম গোলটার দায় ক্যাসিয়াসকে নিতেই হয়েছে। শেষ পর্যন্ত লা ডেসিমা জেতায় সেই ভুলের মাশুল গুনতে হয়নি।
তবে বিশ্বকাপে যা হলো, সেটার চেয়ে খারাপ সম্ভবত আর কিছু হতে পারত না। হল্যান্ডের কাছে ৫ গোলের পরাজয়ে রক্ষণের দায় তো ছিলই, ক্যাসিয়াসকে দেখে মনে হচ্ছিল গোল ঠেকানোটা ভুলে গেছেন।পরের ম্যাচে চিলির সঙ্গেও একই অবস্থা। বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন গ্রুপপর্ব থেকেই বিদায় নিল, আর অনেকেই শেষ দেখে ফেলেছেন ক্যাসিয়াসের।
আবার শুরু হতে চলেছে ক্লাব ফুটবল। পরিস্থিতি ক্যাসিয়াসের জন্য এখন বেশ ঘোলাটে। বিশ্বকাপের সময় থেকেই শোনা যাচ্ছিল, লেভান্তের কোস্টারিকান গোলরক্ষক কেইলর নাভাসকে নিয়ে আসছে মাদ্রিদ।কাল রাতে রিয়াল মাদ্রিদ নিশ্চিত করেছে নাভাসকে দলে টানার বিষয়টি। সেটা হলে ক্যাসিয়াস বা ডিয়েগো লোপেজের একজনের চলে যাওয়ার কথা। শুরুতে ক্যাসিয়াসের নামটাই শোনা যাচ্ছিল, এখন শোনা যাচ্ছে লোপেজকেই ছেড়ে দেওয়া হবে।
আনচেলত্তি অবশ্য পরিষ্কার করে কিছুই বলছেন না।তবে ক্যাসিয়াসকে আরও সুযোগ দেবেন বলেই মনে হচ্ছে। প্রাক-মৌসুম প্রস্তুতিতে প্রথম ম্যাচে নেমেছিলেন লোপেজ।রোমা ও ইউনাইটেডের সঙ্গে পরের দুই ম্যাচেই গোলপোস্ট সামলেছেন ক্যাসিয়াস। আনচেলত্তি জানিয়েছেন সেভিয়ার সঙ্গে উয়েফা সুপার কাপেও ক্যাসিয়াসই থাকছেন শেষ প্রহরী। সেটাতে ভালো করলে হয়তো কোচের আরেকটু সুদৃষ্টি পাবেন। তবে পরশু ইউনাইটেডের সঙ্গে যেমনটি করলেন, তাতে কোচের সুদৃষ্টিতে ক্যাসিয়াস কত দিন থাকেন সেটাই দেখার বিষয়। ইএসপিএন।