ক্যাসিয়াসের পাশে বুফন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেকর্ডছোঁয়া ম্যাচ শেষে জিয়ানলুইজি বুফন l এএফপি
রেকর্ডছোঁয়া ম্যাচ শেষে জিয়ানলুইজি বুফন l এএফপি

সেই ১৯৯৭ সাল থেকে ইতালির গোলপোস্টটা সামলে চলেছেন অবিচল। ১৯ বছরে অনেক রেকর্ডই যে জিয়ানলুইজি বুফন পেরোবেন, এ আর আশ্চর্য কী! আজ্জুরিদের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন অনেক আগে। পরশু আরেকটা রেকর্ডও হলো বুফনের, যুগ্মভাবে ইউরোপে কোনো দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার। সান সিরোতে জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচটি ছিল ইতালির জার্সিতে বুফনের ১৬৭তম।
সবচেয়ে বেশি ম্যাচ খেলার ইউরোপীয় রেকর্ডে বুফনের পাশে আছেন একটা সময় ‘সেরা গোলকিপার’ বিতর্কে যাঁর সঙ্গে লড়াই হতো, সেই ইকার ক্যাসিয়াস। বুফনের রেকর্ড গড়ার ম্যাচে জার্মানির সঙ্গে গোলশূন্য ড্র করেছে ইতালি। তবে গোলের খাতাটা শূন্য না-ও থাকতে পারত। আক্রমণ ও প্রতি আক্রমণে ভরা ম্যাচে দুই দলই সুযোগ পেয়েছে অনেক। তবে কখনো গোলকিপাররা, কখনো পোস্ট বাধা হয়ে দাঁড়ানোয় গোল আর হয়নি।
ওয়েম্বলিতে অন্য প্রীতি ম্যাচে অবশ্য গোলের আক্ষেপ থাকেনি। ইংল্যান্ড-স্পেনের ম্যাচটি দেখেছে চারটি গোল। তবুও যা একটু আক্ষেপ, সেটি ইংলিশদের। অ্যাডাম লালানা ও জেমি ভার্ডির গোলে ৮৮ মিনিট পর্যন্তও ২-০ গোলে এগিয়ে ছিল ইংল্যান্ড। কিন্তু ৮৯ মিনিটে ইয়াগো আসপাসের পর যোগ করা সময়ে ইসকোর গোলে ম্যাচটা ড্র করে স্পেন। সূত্র: বিবিসি।

সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ
১৮৪ আহমেদ হাসান মিসর
১৭৮ হোসান হাসান মিসর
১৭৭ ক্লদিও সুয়ারেজ মেক্সিকো
১৭২ মোহাম্মদ আল-দেইয়া সৌদি আরব
১৬৭ ইভান হুরতাদো ইকুয়েডর
১৬৭ ভিতালিজ আস্তাফিয়েজ লাটভিয়া
১৬৭ জিয়ানলুইজি বুফন ইতালি
১৬৭ ইকার ক্যাসিয়াস স্পেন