ক্রসবারে ফিরে এল বার্সার দুই পয়েন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আটকে গেলেন মেসি, আটকে গেল বার্সা। ছবি: এএফপি
আটকে গেলেন মেসি, আটকে গেল বার্সা। ছবি: এএফপি

শুধু গোলের রেকর্ডই গড়ছেন না। খোঁজ নিলে হয়তো দেখা যাবে, গোলপোস্টের ক্রসবারে লাগানোর দিক দিয়েও লিওনেল মেসি কোনো রেকর্ড-টেকর্ড হয়তো করে বসে আছেন। লিগের আগের ম্যাচেই ফ্রি কিক থেকে বল লাগিয়েছিলেন ক্রসবারে। এসপানিওলের বিপক্ষে সেখান থেকেই ম্যাচে ফেরেছিল বার্সেলোনা। মেসির হ্যাটট্রিকে ম্যাচটাও জিতে নিয়েছিল ৫-১ গোলে। আজও দ্বিতীয়ার্ধের সাত মিনিটের মাথায় মেসির ফ্রি কিক ধাক্কা খেয়ে ফিরে এল ক্রসবারে। কিন্তু এবার আর আগের ম্যাচের মতো জাদুকরী কিছু হলো না। বরং গেটাফের মাঠে গিয়ে গোলশূন্য ড্র করে এল বার্সা। হারিয়ে ফেলল দুই পয়েন্ট। যে দুই পয়েন্ট শেষ পর্যন্ত লিগের অতি গুরুত্বপূর্ণ দুটো পয়েন্টে রূপ নিতে পারে।
আগের রাতেই আলমেরিয়ার বিপক্ষে ৪-১ গোলে জিতে বার্সার সঙ্গে পয়েন্টের ব্যবধানটা পাঁচে নিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু সেটাকে আবার দুইয়ে নামিয়ে আনার বদলে বার্সা এখন রিয়াল থেকে চার পয়েন্ট পেছনে। স্প্যানিশ লিগের সাম্প্রতিক সময়ের পরিসংখ্যান বিবেচনায় চার পয়েন্ট অনেক বড় একটা ব্যবধান হয়ে যেতে পারে।
এমন নয় গেটাফে এই মৌসুমে দুর্দান্ত খেলছিল। পয়েন্ট টেবিলের ১২ নম্বরে ঝুলে আছে মাদ্রিদের দলটি। আগের ১৪ ম্যাচের মাত্র তিনটাতে ড্র নিয়ে মাঠ ছাড়তে পেরেছিল, হেরেছিল সাতটায়। সেই গেটাফেই আজ আটকে দিল বার্সাকে। শুধু তা-ই নয়, ম্যাচের পরিষ্কার গোলের সুযোগটি তাদেরই তৈরি করা। ৩৩ মিনিটে লাফিতার দুর্দান্ত শটটি তার চেয়েও দুর্দান্ত ক্ষিপ্রতায় ক্লদিও ব্রাভো গোলমুখ থেকে সরিয়ে না দিলে ম্যাচের ফল অন্য রকম হতে পারত। তা ছাড়া ম্যাচ শেষের বাঁশি রেফারি যেভাবে বাজিয়েছেন, সেটিও পছন্দ হয়নি গেটাফের। অতিরিক্ত চার মিনিটের খেলা ততক্ষণে শেষ হলেও বার্সার গোলমুখে আক্রমণেই ছিল গেটাফে। একেবারে অরক্ষিত গোলরক্ষককে পেয়েও গিয়েছিল। কিন্তু তখনই শেষ বাঁশি বাজিয়ে দেন রেফারি।
এই ম্যাচটি লুইস সুয়ারেজের ম্যাচ ফিটনেস নিয়েও আবার প্রশ্ন তুলে দিল। লিগে এখনো গোলের খাতা না-খোলা উরুগুইয়ান স্ট্রাইকার বেশ কয়েকটি সুযোগ বাজেভাবে নষ্ট করেছেন। চ্যাম্পিয়নস লিগের গত ম্যাচে অবিশ্বাস্য গোল করা নেইমারকে ছাড়াই খেলতে হয়েছে বার্সাকে। চোট শঙ্কায় তাঁকে নামানোর ঝুঁকি নেননি কোচ। লুইস এনরিকে হয়তো ভেবেছিলেন, নেইমার ছাড়ার পার পেয়ে যাবে বার্সা। কিন্তু গত মৌসুমে গেটাফেকে তাদেরই মাঠে ৫-২ গোলে উড়িয়ে দেওয়া বার্সা বৃষ্টি ভেজা রাতটিতে হোঁচট খেল নিদারুণভাবে।