ক্রিকেট মাঠে ফুটবল খেলবেন রোনালদোরা

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (এমসিজি)—ক্রিকেটের সঙ্গেই মূলত জড়িয়ে অস্ট্রেলিয়ার বিখ্যাত এ মাঠটি। মেলবোর্নের নাম শুনলেই আপনা-আপনি চলে আসে ২৬ ডিসেম্বরের বক্সিং ডে টেস্টের কথাও। আগামী বছর অনুষ্ঠেয় ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল হবে এ ভেন্যুতেই। এ মাঠেই খেলবে রিয়াল মাদ্রিদ ।
ঘটনা তা-ই। আগামী মৌসুম শুরু হওয়ার আগে একটি টুর্নামেন্ট খেলতে অস্ট্রেলিয়ায় যাবে বিশ্বের অন্যতম সেরা ক্লাবটি। তথ্যের সত্যতা নিশ্চিত করেছে রিয়াল কর্তৃপক্ষ। এ টুর্নামেন্টে অংশ নেবে আরও তিনটি দল। বাকি দুটি দলের নাম জানা যাবে শিগগিরই। ধারণা করা হচ্ছে, এ রাউন্ড রবিন টুর্নামেন্টে বাকি দুটি দল আসবে ইংলিশ প্রিমিয়ার লিগ ও ইতালির সিরি ‘আ’ থেকে। এমসিজিতে আয়োজিত ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৮, ২১ ও ২৪ জুলাই।
অস্ট্রেলিয়ায় পূর্ণশক্তি নিয়েই খেলতে যাবে রিয়াল। টুর্নামেন্টে থাকবেন ক্রিস্টিয়ানো রোনালদো, গ্যারেথ বেল, করিম বেনজেমা, হামেস রদ্রিগেজের মতো তারকারা। রিয়াল কোচ কার্লো আনচেলত্তি এ প্রসঙ্গে বললেন, ‘অস্ট্রেলিয়ায় রিয়ালের অনেক সমর্থক রয়েছে, এ ব্যাপারে আমরা সচেতন। তাদের কাছাকাছি যাব, জেনে খুব ভালো লাগছে। সমর্থকদের সেরাটাই দিতে চাই।’
এমসিজি এক লাখ দর্শক ধারণক্ষমতাসম্পন্ন অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় স্টেডিয়াম, বিশ্বে ১১তম। ক্রিকেটের জন্য বিখ্যাত মাঠে রোনালদো-বেলদের ঝলক দেখার অপেক্ষায় সমর্থকেরা । সূত্র: এএফপি ও এমসিজি।