ক্রীড়া আদালতে আজ ব্ল্যাটারের শুনানি

আট বছরের জন্য নিষেধাজ্ঞা পেয়েছিলেন শুরুতে। পরে ফিফার আপিল কমিটি সেপ ব্ল্যাটার ও মিশেল প্লাতিনির সেই নিষেধাজ্ঞা কমিয়ে ছয় বছর করেছে। প্লাতিনি পরে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস) গিয়েও নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেননি। তবে তাঁর নিষেধাজ্ঞা আরও দুই বছর কমে চার বছর হয়েছে। ব্ল্যাটারের কী হবে? আন্তর্জাতিক ক্রীড়া আদালতে তাঁর আপিলের শুনানি শুরু হচ্ছে আজ থেকে।
ব্ল্যাটারের সঙ্গে প্লাতিনির একটা আর্থিক লেনদেন নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছিল। প্রায় ২ মিলিয়ন সুইস ফ্রাঁর লেনদেনটি হয়েছিল ২০১১ সালে। যে জন্য গত বছর ফিফার নৈতিকতা কমিটি সব ধরনের ফুটবল-সংশ্লিষ্টতা থেকে আট বছরের জন্য নিষিদ্ধ করে দুজনকেই। ফিফায় আপিল করে সেই নিষেধাজ্ঞা দুই বছর করে কমাতে পারেন দুজনই। পরে নিষেধাজ্ঞা পুরোপুরি উঠিয়ে নেওয়ার জন্য সিএএসের কাছে আবেদন করেন দুজন। প্লাতিনির আপিলের রায় এই বছর মে মাসেই দিয়েছে সিএএস। যেখানে ফিফাকে কলঙ্কিত করার জন্য তাঁকে তিরস্কার করা হয়। তবে সবকিছু বিবেচনা করে নিষেধাজ্ঞার মেয়াদ ছয় বছর থেকে কমিয়ে চার বছর করা হয়।
ব্ল্যাটার অবশ্য আশা করে বসে আসেন যে তাঁর শাস্তি পুরোপুরিই প্রত্যাহার করবে সিএএস। গত সপ্তাহেই বার্তা সংস্থা এএফপির সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি খুবই আত্মবিশ্বাসী। আমি কখনো মিথ্যা বলিনি। প্লাতিনির সঙ্গে আমার যে লেনদেন হয়েছিল সেটি একটা মৌখিক চুক্তির ভিত্তিতেই হয়েছিল। আমি আশাবাদী প্যানেল আমার কথা বিশ্বাস করবে।’
সুইজারল্যান্ডের লুসানে ব্ল্যাটারের শুনানি শুধু এক দিন স্থায়ী হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে রায় আসতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। এএফপি।