ক্রীড়া আদালতেও বিফল প্লাতিনি

নাহ্, এখানেও হলো না। ফিফার আপিল কমিটিতে প্রত্যাখ্যাত হওয়ার পর মিশেল প্লাতিনির শেষ ভরসা ছিল সর্বোচ্চ ক্রীড়া আদালত (সিএএস)। কিন্তু কাল সিএএসও প্লাতিনির ৯০ দিনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে রায় দেয়নি। ২৬ ফেব্রুয়ারির নির্বাচনে ফিফা সভাপতি পদে প্রার্থী হতে পারছেন না, সেটা অবশ্য এখনই লিখে দেওয়া যাচ্ছে না। ২১ ডিসেম্বর ফিফার নৈতিকতা কমিটির চূড়ান্ত রায়েই জানা যাবে, ফ্রান্সের ফুটবল কিংবদন্তির ভাগ্যে শেষ পর্যন্ত কী হবে।
তবে একটা ব্যাপার নিশ্চিত, আজ প্যারিসে ইউরো ২০১৬-এর ড্রয়ে প্লাতিনি থাকতে পারছেন না। নিজের দেশে এত বড় আসরে প্লাতিনিকে পাচ্ছেন না বলে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট নোয়েল লা গ্রায়েট হতাশ, ‘আমি হতাশ। এখানে থাকাটা মিশেলের প্রাপ্য ছিল, ড্রয়ে তিনি থাকতে পারায় আমার খুবই খারাপ লাগছে।’
সর্বোচ্চ ক্রীড়া আদালতের রায়ের দিকেই তাকিয়ে ছিলেন প্লাতিনি। সেখানেও আশাহত হওয়ায় এখন পার পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। সেপ ব্ল্যাটারের সঙ্গে ২০ লাখ ডলারের একটা আর্থিক লেনদেনে দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ হয়েছেন প্লাতিনি। সর্বোচ্চ ক্রীড়া আদালতের বিচারকেরা জানিয়েছেন, তাঁরা প্লাতিনি দোষী কি না সেটা বিচার করেননি। শুধু দেখতে চেয়েছেন, ৯০ দিনের নিষেধাজ্ঞায় প্লাতিনির কোনো অপূরণীয় ক্ষতি হয়েছে কি না। সে রকম কিছুর প্রমাণ না পাওয়ায় তাঁরা নিষেধাজ্ঞাটা প্রত্যাহার করার পক্ষে রায় দেননি। তবে ব্যাপারটির দ্রুত সুরাহার জন্য ফিফাকে তাঁরা পরামর্শ দিয়েছেন। সাময়িক নিষেধাজ্ঞা আর না বাড়ানোর ব্যাপারেও নির্দেশ দিয়েছেন।
তবে প্লাতিনির আইনজীবীরা এখনই আশা ছাড়ছেন না। এখন প্লাতিনির শেষ ভরসা ১৯৯৮ সালে উয়েফার একটা দলিল। ব্ল্যাটার ও প্লাতিনির মধ্যে যে আর্থিক চুক্তিটি হয়েছিল, তার প্রমাণ সেখানে আছে বলে দাবি করেছেন আইনজীবীরা। ফিফাকে সাময়িক নিষেধাজ্ঞা না বাড়ানোর নির্দেশ দেওয়াটাও নিজেদের নৈতিক বিজয় বলে তাঁদের দাবি। প্লাতিনির আইনজীবী থিবো দালেস এএফপিকে বলেছেন, ‘প্লাতিনি জানেন শেষ পর্যন্ত তিনি নির্দোষ প্রমাণিত হবেন।’
এখন ২১ ডিসেম্বর কী হয় সেটারই অপেক্ষা। এএফপি, রয়টার্স।