ক্রুইফ এখন 'দ্বিগুণ শক্তিশালী'
খবরটা জানাজানি হয়েছে মাস খানেক আগে। ইয়োহান ক্রুইফের ফুসফুসে বাসা বেঁধেছে প্রাণঘাতী ক্যানসার—ফুটবল-বিশ্বের কাছে একটা ধাক্কা হয়ে এসেছিল দুঃসংবাদটা। অনেকেই ডাচ ফুটবল কিংবদন্তির পাশে দাঁড়িয়েছেন, বার্সেলোনা গোল উদ্যাপন করেছে তাঁর ছবি নিয়ে। এতজনের শুভকামনা, আশীর্বাদ কি বৃথা যেতে পারে? ক্রুইফও এখন আত্মবিশ্বাসী, ক্যানসারের সঙ্গে এই মরণলড়াইয়ে জয়ী হবেনই হবেন।
জীবনে অনেক চড়াই-উতরাই পার হতে হয়েছে, দেখছেন অনেক কিছু। কিন্তু এবারের সংগ্রামটা অন্য সবকিছুর চেয়েই আলাদা। ক্যানসারের খবরটা সংবাদমাধ্যমে আসার পর এত দিন এটা নিয়ে মুখ খোলেননি। পরশু তাঁর সাবেক ক্লাব বার্সেলোনায় এসে প্রকাশ্যে প্রথম নিজের অসুস্থতা নিয়ে খোলাখুলি কথা বললেন। ক্রুইফ ক্যানসার থেকে সেরে ওঠাকে ‘যুদ্ধ’ হিসেবেই দেখছেন, ‘আমার কাছে এটা একটা যুদ্ধ, কিন্তু আমি নিশ্চিত এই যুদ্ধে আমিই জিতব।’ সবার শুভাশিস তাঁকে আরও বেশি শক্তি জোগাচ্ছে, ‘এত এত লোক আমার পাশে আছে, তাতে আগে আমার যে শক্তি ছিল সেটি বেড়ে হয়েছে দ্বিগুণ।’
এরই মধ্যে একবার কেমোথেরাপি নিয়েছেন, ৬৮ বছর বয়সে আরও কয়েকবারই কেমোথেরাপির ধকল সইতে হবে। ক্রুইফ মানসিকভাবে শক্তই আছেন, ‘প্রথমটা দেওয়ার পর ভালোই লাগছে। কোনো সমস্যাও নেই। আমি কেমোথেরাপিকে বন্ধু হিসেবেই দেখছি। এটা তো ক্যানসারকে হারানোর জন্যই। আমি আত্মবিশ্বাসী, সবকিছু ঠিক হয়ে যাবে।’ এএফপি।