ক্রুইফ এগিয়ে ২-০ গোলে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়োহান ক্রুইফ
ইয়োহান ক্রুইফ

প্রাণঘাতী রোগে আক্রান্ত হয়ে নিজের খেলোয়াড়ি জীবনের লড়াকু সত্তাটাকেই যেন নতুন করে চিনছেন ইয়োহান ক্রুইফ। এই বিশ্বে টোটাল ফুটবলের রূপায়ণ যাঁদের হাত ধরে, তাঁদেরই পুরোধা এই ডাচ কিংবদন্তির শরীরে ক্যানসার বাসা বেঁধেছে কিছুদিন আগেই। বেঁচে থাকার এই লড়াইয়ে ৬৮ বছর বয়সী ক্রুইফ যেন ফিরে গেছেন তাঁর খেলোয়াড়ি দিনগুলোয়। মাঠের লড়াইয়ে যিনি ছাড় দিতে চাইতেন না একচুলও, ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে কেন ছাড় দেবেন? দেনওনি!
ক্যানসার চিকিৎসার অভিজ্ঞতা থেকেই ক্রুইফ জানিয়েছেন, তিনি খুব ভালো আছেন, চিকিৎসার ফলও বেশ ইতিবাচক মনে হচ্ছে। ক্যানসার চিকিৎসার হালচাল সম্বন্ধে তাঁর মন্তব্যটা খেলোয়াড়সুলভই, ‘মনে হচ্ছে চিকিৎসাটা বেশ ভালো হচ্ছে। শক্ত মানসিকতা নিয়ে লড়াই করছি। বলতে পারেন এই লড়াইয়ের প্রথমার্ধ শেষ করেছি। এগিয়ে আছি ২-০ গোলে। চূড়ান্ত ফল এখনো বাকি। তবে আমি নিশ্চিত ম্যাচটা আমরা জিতছি।’
একসময় বার্সেলোনার কোচ ছিলেন। কোচ ছিলেন ডাচ পরাশক্তি আয়াক্স আমস্টারডামের। হালের বার্সেলোনার ফুটবল শ্রেষ্ঠত্বের শুরুটা হয়েছিল তাঁর হাত ধরেই। তিনবার ফিফার বর্ষসেরা ফুটবলার হয়েছেন তিনি।
এসব অর্জন ক্রুইফের কাছে বিস্মরণযোগ্য নয় বলেই তো তাঁর এই প্রাণপাত লড়াই। সূত্র: বিবিসি।