ক্রুইফ-গবেষণা চলছেই!
ডি ক্রুইফের খবর কী? তিনি কবে আসছেন? টিকিট পাঠানো হয়েছে?
প্রতিদিনই এমন সব প্রশ্ন ঘুরে বেড়ায় বাফুফে ভবনে। কিন্তু সুনির্দিষ্ট জবাব নেই। শিগগিরই আসছেন, টিকিট পাঠানো হচ্ছে...এসবই তোতা পাখির মতো বলা হয় বাফুফে থেকে।
২৯ জানুয়ারি বঙ্গবন্ধু কাপ শুরু। হাতে আর ১০ দিনও নেই। অথচ বাফুফে বলে যাচ্ছে বিদায়ী কোচ লোডভিক ডি ক্রুইফকেই আনা হবে এই টুর্নামেন্টে। কিন্তু কোচের খবর নেই। শোনা গিয়েছিল, ৩ জানুয়ারি আসবেন ক্রুইফ। আসেননি। তাঁর বাবা মারা গেছেন ১৩ জানুয়ারি। বাবাকে সমাহিত করেই তাঁর আসার কথা। কবে সমাহিত করা হবে সেটা বাফুফে এখনো জানতে পারেনি বা ক্রুইফ জানাতে পারেননি। বাফুফের সহসভাপতি ও জাতীয় দল কমিটির সদস্য তাবিথ আউয়াল কাল জানালেন, ‘ক্রুইফ আসবেন এটা চূড়ান্ত। কিন্তু কবে আসবেন চূড়ান্তভাবে বলতে পারছি না। শুক্রবার আসতে পারেন, চাইছি এর আগেও নিয়ে আসতে।’
এখনো কোচের আসার দিন চূড়ান্ত না হওয়ায় অনেকের কাছেই গোটা ব্যাপারটা বিরক্তিকর ঠেকছে। প্রতিদিন একই প্রশ্ন করতে করতে সংবাদমাধ্যমও ক্লান্ত। টুর্নামেন্টের তিন-চার দিন আগে এসে কোচ কতটা কী করতে পারবেন, আছে এমন প্রশ্নও। যদিও বলা হচ্ছে, বাংলাদেশ দল ক্রুইফের চেনা। তাঁর ব্যবস্থাপত্র অনুসরণ করেই অনুশীলন হচ্ছে।