ক্রুইফও থাকবেন যে ম্যাচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়োহান ক্রুইফ
ইয়োহান ক্রুইফ

ম্যাচটা হবে ইতিহাদ স্টেডিয়ামে। ম্যানচেস্টার সিটির সঙ্গে লড়বে এভারটন। কিন্তু ম্যাচের আগে একটা নাম বারবার আলোচনায় আসছে—ইয়োহান ক্রুইফ।
গত মার্চেই অন্য লোকে পাড়ি জমানো বার্সেলোনা ও ডাচ কিংবদন্তির কথা কেন আসছে? সিটি-এভারটনের ডাগআউটে যে এখন বার্সেলোনায় ক্রুইফেরই হাতে গড়া ‘ড্রিম টিমে’র দুই সতীর্থ। সিটিতে পেপ গার্দিওলা, এভারটনে রোনাল্ড কোম্যান। ক্রুইফ নেই, কিন্তু তাঁর ছোঁয়ায় প্রাণ পাওয়া টোটাল ফুটবলটা আজ নিশ্চিত রোমাঞ্চ ছড়াবে ইতিহাদে।
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ বড় ম্যাচ আছে আরেকটি, গত মৌসুমের চ্যাম্পিয়ন লেস্টার সিটির মুখোমুখি আন্তোনিও কন্তের চেলসি। আন্তর্জাতিক বিরতি শেষে ইউরোপিয়ান ফুটবলে আজ রোমাঞ্চ নিয়ে আসছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদও। ফর্ম হাতড়ে খোঁজা দুই স্প্যানিশ দলই আজ নামছে, রিয়াল মাদ্রিদ যাবে রিয়াল বেটিসের মাঠে, বার্সেলোনা ঘরের মাঠে খেলবে দেপোর্তিভো লা করুনিয়ার সঙ্গে। আর শীর্ষে থাকা অ্যাটলেটিকোর মাঠে নামবে গ্রানাডা।
ম্যান সিটির ম্যাচটিই সম্ভবত সেয়ানে-সেয়ানে লড়াই। পেপ গার্দিওলার দল মৌসুমে এখন পর্যন্ত একবারই হেরেছে, সর্বশেষ ম্যাচে টটেনহামের কাছে। লিগে এভারটনেরও হার একটি। ৭ ম্যাচ শেষে দুই দলের পয়েন্ট ব্যবধান ৪, শীর্ষে থাকা সিটির চেয়ে চার ধাপ পেছনে এভারটন।
তবে লড়াই নয়, এভারটন কোচ কোম্যানের কণ্ঠে ম্যাচের আগে ঝরল ‘বন্ধু’ গার্দিওলার দলের প্রশংসা, ‘সিটি দুর্দান্ত খেলছে। হয়তো সর্বশেষ ম্যাচে অত ভালো খেলেনি। তবে ওরা যেভাবে ফুটবলটা খেলে, মুগ্ধ হতেই হয়।’ সিটি মিডফিল্ডার ফার্নান্দোর কণ্ঠেও ‘নিজেদের খেলা’য় ফেরার ইচ্ছা, ‘আমাদের (টটেনহামের কাছে) হার থেকে শিক্ষা নিয়ে শিগগিরই জয়ের রাস্তায় ফিরতে হবে। যেভাবে খেলছিলাম, সেটিতে ফেরাও এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ।’
এই ম্যাচটা যতটা ১৮-২০, প্রায় একই সময়ে স্পেনে বার্সেলোনার ম্যাচটা কাগজে-কলমে অন্তত তেমন নয়। তবু আজ লুইস এনরিকের একটা ভয় আছে, যেটির নাম ‘ফিফা-ভাইরাস’। আন্তর্জাতিক বিরতির পরের ম্যাচেই বার্সেলোনার হোঁচট খাওয়ার রেকর্ড তো আর নতুন নয়। সর্বশেষ আন্তর্জাতিক বিরতির পরই তো বার্সা হেরেছে আলাভেসের কাছে। লিগে সর্বশেষ ম্যাচে সেল্টা ভিগোর কাছে ৪-৩ গোলে হারের ক্ষতটা এখনো দগদগে। তবে পয়েন্ট তালিকার চারে থাকা বার্সার জন্য আজ স্বস্তি, চোট কাটিয়ে প্রায় এক মাস পর ফিরছেন লিওনেল মেসি। পাঁচবারের বর্ষসেরা খেলোয়াড়কে পেয়ে ‘সর্বজয়ী’ ফর্মেই নিশ্চয়ই ফিরতে চাইবে বার্সা।
চোটের দিক থেকে জিনেদিন জিদানের কোনো সুখবর নেই, বরং আগেই চোটে পড়া মডরিচ-কাসেমিরোর সঙ্গে নতুন যোগ হয়েছেন সার্জিও রামোস ও হামেস রদ্রিগেজ। তার চেয়েও বড় অস্বস্তি—সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ চারটি ম্যাচেই ড্র করেছে রিয়াল। আজ বেটিসের মাঠে নিশ্চয়ই সংখ্যাটাকে পাঁচ হতে দেবেন না রোনালদো-বেলরা? এএফপি।