ক্রুইফের গোলরক্ষক কোচ বিপ্লব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিপ্লব ভট্টাচার্য
বিপ্লব ভট্টাচার্য

একজন গোলরক্ষক কোচ চাইছিলেন লোডভিক ডি ক্রুইফ। কিন্তু সে রকম কাউকে না পেয়ে শেখ রাসেল অধিনায়ক বিপ্লব ভট্টাচার্যকেই এই দায়িত্ব দেওয়া হলো। বিপ্লব এখনো খেলছেন এবং গত সাফ ফুটবলের জাতীয় দলেও ছিলেন। যদিও দলে এখন আর এক নম্বর পছন্দের গোলরক্ষক নন। অতিরিক্ত হিসেবেই থাকতে হয়।
বিপ্লবের ইচ্ছে সামনে যেকোনো একটি আন্তর্জাতিক ম্যাচে জাতীয় দল থেকে অবসর নেওয়া। সেই সুযোগ তাঁকে দেওয়া হবে বলে বাফুফে আশ্বাস দিয়েছে। তার আগে এশিয়াডের ক্যাম্পে গোলরক্ষক কোচের দায়িত্ব নিতে কোচের ডাকে সাড়া দিয়েছেন বিপ্লব। আজ বিকেএসপিতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তাঁর।
বিপ্লব বলেছেন, ‘এএফসি প্রেসিডেন্টস কাপের জন্য শিগগিরই শেখ রাসেলের ক্যাম্প শুরু হবে। তার আগ পর্যন্ত জাতীয় দলের সঙ্গে কাজ করতে আমার সমস্যা নেই। তাই নতুন এই কাজটা আমি করব।’
সাভারের বিকেএসপিতে জাতীয় দলের এশিয়াড অভিযান শুরু হচ্ছে আজ। গতকাল খেলোয়াড়েরা রিপোর্ট করে বঙ্গবন্ধু স্টেডিয়ামে নিজেরা লাল ও সবুজ দলে ভাগ হয়ে ম্যাচ খেলেছেন। ফল ১-১।
ম্যাচ শেষে কোচ ডি ক্রুইফ বলেন, ‘অনেক দিন পর খেলোয়াড়দের দেখলাম। এটাই বড় দিক। মাঠটা ভালো ছিল না। গত বছর জুনে বাফুফের সঙ্গে চুক্তির পর এখনো কোনো ম্যাচ জিততে পারিনি। আশা করি, এশিয়াডে সেই অতৃপ্তি দূর হবে। বাংলাদেশে এসে দেখছি কোচকে এখানে ভয় পায় খেলোয়াড়েরা, সালাম দিয়ে দূরে সরে যায়, এই সংস্কৃতি বদলাতে হবে। সবাইকে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করতে হবে।’
প্রাথমিক ক্যাম্পে ডাক পাওয়া ২৫ জনের মধ্যে এদিন আসেননি অধিনায়ক মামুনুল ইসলাম। ডেনমার্কপ্রবাসী জামাল ভূঁইয়া আসবেন সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। স্ট্রাইকার মিঠুন চৌধুরীর জন্ডিস। তাই এই দলে নতুন করে আরও চারজন খেলোয়াড়কে ডাকা হয়েছে—বিজেএমসির সজীব, ব্রাদার্সের মালেক ও মেজবাহ, চট্টগ্রাম আবাহনীর ফাহাদ।