ক্রুইফের জন্য এখনো শোকার্ত ফুটবল-বিশ্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘একভাবে দেখলে আমি অমর’—তিনি ছাড়া আর কার মুখে কথাটা এত ভালো মানাত? ফুসফুসের ক্যানসার তাঁকে কেড়ে নিয়েছে, গত পরশু বার্সেলোনায় শেষনিশ্বাস ত্যাগ করেছেন ইয়োহান ক্রুইফ। ৬৮ বছর বয়সী শরীরটার হৃৎস্পন্দন থেমে গেছে। কিন্তু ফুটবলকে যেভাবে ঋণী করে গেছেন ডাচ কিংবদন্তি, ওই সর্বগ্রাসী রোগটির সাধ্য কি তাঁকে ভুলিয়ে দেয়!
গত পরশু তাঁর মৃত্যুর খবর আসার পর থেকে বিশ্বজুড়ে বর্তমান ও সাবেক ফুটবলার, কোচ ও ফুটবল-সংশ্লিষ্ট অন্যরা, এমনকি রাষ্ট্রপ্রধানেরাও সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রুইফের স্মৃতিচারণা করছেন। ক্রুইফের পরিবারও সবাইকে সে জন্য এক বিবৃতিতে ধন্যবাদ জানিয়েছে। তাঁর ছেলে জর্ডি ক্রুইফ কাল জানিয়েছেন, আয়াক্স ও বার্সেলোনা কিংবদন্তিকে পারিবাকিভাবে শেষ বিদায় জানানো হবে।
ক্রুইফের শেষ বিদায়টা হওয়া উচিত সর্বোচ্চ শ্রদ্ধা আর ভালোবাসায়। কারণ যত দিন ফুটবল থাকবে তত দিন তিনি থাকবেন; যতবার কোনো ফুটবলার ‘ক্রুইফ টার্ন’ নেবে, ততবার স্মৃতিতে ভেসে উঠবেন ক্রুইফ। যখন কোনো কোচ ডাগ-আউটে বসে ‘টোটাল ফুটবলে’র ছক কষবেন, ততবারই আড়ালে হেসে উঠবেন ক্রুইফ! আর যতবার বার্সা-আয়াক্স ও হল্যান্ড সফল হবে, জিতে যাবেন ক্রুইফও। বিবিসি।