ক্রুইফের দাম হতো হাজার মিলিয়ন!

পেলের কাছে তিনি ম্যারাডোনার চেয়েও পরিপূর্ণ ফুটবলার। কিছুদিন আগেই আর্জেন্টিনাকে প্রথমবার বিশ্বকাপ জেতানো কোচ সিজারে লুইস মেনোত্তিও বলেছিলেন, ফুটবলে এ পর্যন্ত চারজন রাজা এসেছেন, ইয়োহান ক্রুইফ তাঁদের একজন (বাকি তিনজন ডি স্টেফানো, পেলে ও ম্যারাডোনা)। আর বেকেনবাওয়ারের কাছে? জবাবটা পাওয়া যাবে জার্মান দৈনিক বিল্ড-এর সঙ্গে সাক্ষাৎকারে জার্মান কিংবদন্তির কথাটা শুনলেই, ‘যদি বেল ও রোনালদোর মতো খেলোয়াড়দের দাম এক শ মিলিয়ন ইউরো হয়, ক্রুইফের দাম হতো এক হাজার মিলিয়ন!’
শত মিলিয়ন ইউরোতে টটেনহাম থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হয়েছেন গ্যারেথ বেল। এ রেকর্ডটা একসময় ক্রুইফের ছিল। ডাচ কিংবদন্তি ১৯৭৩ সালে আয়াক্স থেকে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন তখনকার রেকর্ড ট্রান্সফার ফি ২ মিলিয়ন মার্কিন ডলারে। প্রায় ৪০ বছর আগের সেই ২ মিলিয়ন এখনকার হিসাবে কত হবে, সেটা অর্থনীতিবিদদের গবেষণার বিষয়। তবে খেলোয়াড় হিসেবে তিনি এই প্রজন্মের অনেকের চেয়ে কতটা এগিয়ে ছিলেন সেটি কিন্তু বেকেনবাওয়ারের মন্তব্য থেকেই অনুমেয়।
ভাবছেন হঠাৎ করে কেন ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের এই ‘ক্রুইফ-কীর্তন’? আসলে ১৯৭৪ সালে জার্মানির বিশ্বকাপ জয়ের ৪০ বছর পূর্তি উপলক্ষে পরশু জার্মানিতে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই অতিথি ছিলেন বেকেনবাওয়ার ও ক্রুইফ। জার্মান কিংবদন্তির কাছে যে বিশ্বকাপ ক্যারিয়ারের সবচেয়ে মধুর স্মৃতি, সেটাই ক্রুইফের কাছে এক অন্তহীন আক্ষেপ। ফাইনালে তাঁর দল হল্যান্ডকে হারিয়েই শিরোপা জিতেছিল জার্মানি। ওই অনুষ্ঠানেই বিল্ড-এর সঙ্গে সাক্ষাৎকারে ক্রুইফের সেই আক্ষেপে শুধু সান্ত্বনা দেওয়ার জন্য এই মন্তব্য করেননি বেকেনবাওয়ার, করেছেন বরং কাছ থেকে দেখা এক মুগ্ধ প্রতিপক্ষ হিসেবে। তিনি প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ক্রুইফের সাবেক ক্লাব বার্সেলোনারও। নিজের ক্লাব বায়ার্ন মিউনিখের সঙ্গে তুলনা করে বলেছেন, ‘যদি ঐতিহ্যেরও কথা বলি, বার্সেলোনা বিশ্বের অন্যতম সেরা ক্লাব। ওরা ত্রিশ ও চল্লিশের দশকেই কিংবদন্তি দল ছিল। ১৯৬৫ সালের আগ পর্যন্ত বায়ার্নের ক্ষেত্রে সেটা বলা যাবে না।’
কম যাননি ক্রুইফও। বেকেনবাওয়ারের দল বায়ার্নকে নিয়ে নিজের উচ্ছ্বাসের কথা বলেছেন ডাচদের ‘টোটাল ফুটবল’-এর প্রধান রূপকার। বিশেষ করে বায়ার্নের বর্তমান কোচ পেপ গার্দিওলার ফুটবল-দর্শনে তো তিনি মুগ্ধ, ‘আমার কাছে, সে (গার্দিওলা) বিশ্বের অন্যতম সেরা কোচ। ও ফুটবলকে আরও এগিয়ে নিয়ে যেতে চায়। মরিনহো শুধু নিজের দল, নিজের সামর্থ্য আর নিজের চিন্তাভাবনা নিয়ে কথা বলে। গার্দিওলার দলের সাতজন খেলোয়াড় ২০১০ সালে স্পেনের হয়ে বিশ্বকাপ জিতেছে, এবারের বিশ্বকাপজয়ী জার্মান দলেও গার্দিওলার বায়ার্নের সাতজন খেলোয়াড় ছিল। এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়।’ গোলডটকম।