এশিয়ান গেমসের জন্য প্রস্তুতিতে নামছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। প্রাথমিক ক্যাম্পে ডাক পেলেন ২৫ জন খেলোয়াড়।
যেহেতু গেমসে অনূর্ধ্ব-২৩ দলে খেলতে পারেন ২৩ বছরের বেশি তিনজন জ্যেষ্ঠ খেলোয়াড়, তাই এই ক্যাম্পে পাঁচজন জ্যেষ্ঠ খেলোয়াড় রাখা হয়েছে। তাঁরা সবাই জাতীয় দলেরই সদস্য—মামুনুল ইসলাম, জাহিদ হাসান এমিলি, মিঠুন চৌধুরী, আতিকুর রহমান মিশু ও ডেনমার্কপ্রবাসী জামাল ভূঁইয়া।
চমক আছে তিনটি। মুক্তিযোদ্ধার গোলরক্ষক রাসেল মাহমুদ লিটন, প্রিমিয়ার লিগ থেকে সদ্য অবনমিত উত্তর বারিধারার গোলরক্ষক ওসমান গনি ও অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আবাহনী ডিফেন্ডার টুটুল হোসেন ডাক পেয়েছেন। এই দলে সাতজন করে খেলোয়াড় আছে লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল ও লিগে চতুর্থ হওয়া মোহামেডানের। আবাহনীর খেলোয়াড় চারজন।
খেলোয়াড়দের আগামী ৩ আগস্ট বেলা ১২টায় বাফুফে ভবনে রিপোর্ট করতে বলা হয়েছে। ওই দিনই দল চলে যাওয়ার কথা সাভার বিকেএসপি। তবে জামাল ভূঁইয়া সেপ্টেম্বরের ১ বা ২ তারিখের আগে আসতে পারবেন না বলে জানিয়েছেন। কোচ লোডভিক ডি ক্রুইফ ও তাঁর সহকারী রেনে কোস্টারের হল্যান্ড থেকে ঢাকায় ফেরার কথা ১ আগস্ট। দুই কোচই খেলোয়াড় বাছাই করেছেন বলে জানিয়েছে বাফুফে। রেনে ঢাকায় ছিলেন বিশ্বকাপের সময়টা, তখন প্রিমিয়ার লিগের কিছু খেলা দেখেছেন। ডি ক্রুইফেরও নজরেও ছিলেন কিছু খেলোয়াড়। তাঁদের সহায়তা করেছেন স্থানীয় কোচ।
এশিয়াড ফুটবলের গ্রুপিং এখনো হয়নি। ওটা ১৯ আগস্ট হওয়ার কথা। ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর এবারের এশিয়ান গেমস হচ্ছে দক্ষিণ কোরিয়ার ইনচনে। গেমসকে সামনে রেখে ভারত প্রস্তুতি শুরু করেছে এক মাস আগে। আগস্টের মাঝামাঝি দুই সপ্তাহের জন্য ভারতীয় দল ক্যাম্প করতে ইউরোপ যাবে। তারা গেমসের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তানের সঙ্গে। তবে বাংলাদেশের এ নিয়ে কোনো পরিকল্পনা দৃশ্যমান নয়।
২৫ জনের দল: শহিদুল আলম, মিশু, শাহেদ, টুটুল, এমিলি, হেমন্ত, সিফাত, তপু বর্মণ, ওয়াহেদ, নাহিদ, ইমন, সোহেল রানা, তকলিচ, মামুনুল, রায়হান, ইয়ামিন মুন্না, কেষ্ট কুমার, ইয়াছিন, মিঠুন, ওমর ফারুক, জুয়েল রানা, রুবেল, লিটন, ওসমান গনি ও জামাল ভূঁইয়া।