ক্রুইফের ব্যাপারে ইতিবাচক সালাউদ্দিন
তাজিকিস্তান ম্যাচে খুব বড় কোনো বিপর্যয় হলে হয়তো ভিন্ন কিছু ভাবতেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তাজিকদের সঙ্গে পরশু ১-১ গোলে ড্র করলেও প্রথমার্ধে স্বাগতিক দল খেলেছে প্রশংসা পাওয়ার মতোই। যদিও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়া সম্ভব হয়নি।
তাতে অবশ্য কোচ লোডভিক ডি ক্রুইফকে বিদায় দেওয়ার কিছু দেখছেন না সালাউদ্দিন। গতকাল বললেন, ‘খেলোয়াড়দের সামর্থ্য বাড়ানোই এই মুহূর্তে বড় কাজ—কোচ বিদায় নয়। নতুন কোচ এসে সব বুঝতে বুঝতে অনেকটা সময় পার হয়ে যাবে। তা ছাড়া ক্রুইফ দলটাকে একটা পর্যায়ে এনেছেন। তাই আপাতত ক্রুইফের ওপরই আস্থা রাখছি। গোলকিপিং কোচকেও রাখতে চাই।’
দুই কোচও থাকতে চান। দু-এক দিনের জন্য দেশে গিয়ে আবার ফেরার ইচ্ছে তাঁদের। আজ দুই পক্ষের আলোচনায় সবকিছু ঠিকঠাক হওয়ার কথা। কিন্তু ডি ক্রুইফ আবার নতুন কোনো দাবিদাওয়া তুললে পরিস্থিতি কোন দিকে গড়ায়, সেটা অবশ্য দেখার। তবে সালাউদ্দিনকে ইতিবাচক মনে হচ্ছে।