ক্রুইফের শিষ্যরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঁ থেকে ইসমত শেনোয়ারি, ফয়সাল শাইয়েস্থে ও আনুশ দস্তগীর l প্রথম আলো
বাঁ থেকে ইসমত শেনোয়ারি, ফয়সাল শাইয়েস্থে ও আনুশ দস্তগীর l প্রথম আলো

ইসমত শেনোয়ারি ঢাকায় এসে প্রথমেই খোঁজ নিয়েছেন কোচ লোডভিক ডি ক্রুইফের। আফগান মিডফিল্ডারের সঙ্গে বাংলাদেশ জাতীয় দলের ডাচ কোচের সম্পর্কটা যে বেশ পুরোনো।
ছয় বছর আগে ডি ক্রুইফের ছাত্র ছিলেন শেনোয়ারি। শুধু এই মিডফিল্ডারই নন, বাংলাদেশে খেলতে আসা আফগানিস্তান দলের আরেক ফুটবলার আনুশ দস্তগীরও খেলেছেন ডি ক্রুইফের অধীনে। ইসমত ও আনুশ তখন খেলতেন হল্যান্ডের দ্বিতীয় বিভাগের ক্লাব এনইসির যুব দলে।
ঢাকায় এসে সাবেক কোচের সঙ্গে দেখা করে উচ্ছ্বসিত শেনোয়ারি। ডি ক্রুইফের কাছে যে তাঁর অনেক ঋণ, ‘আমি তখন এনইসি ক্লাবের অনূর্ধ্ব-১৫ দলে খেলি। নিজেকে প্রমাণ করার জন্য ওটা অনেক বড় ব্যাপার ছিল। সেই সুযোগটা কোচই আমাকে করে দিয়েছিলেন।’
প্রায় পাঁচ বছর পর প্রিয় কোচের সঙ্গে কথা হয়েছে দস্তগীরের। ডি ক্রুইফের প্রশংসা ঝরল তাঁর মুখেও, ‘কোচ আমাকে শিখিয়েছেন ফুটবলে শৃঙ্খলা কতটা গুরুত্বপূর্ণ। তিনি বাংলাদেশের কোচ হয়েছেন শুনে খুব খুশি হয়েছিলাম।’
একই সময়ে ফয়সাল শাইয়েস্থে খেলতেন হল্যান্ডের আরেক ক্লাব এফসি টোয়েন্টিতে। তখন থেকেই লোডভিক ডি ক্রুইফের সঙ্গে পরিচয় এই মিডফিল্ডারের। টুকটাক টিপসও পেয়েছেন। বর্তমানে থাইল্যান্ডের ক্লাবে খেলা ফয়সালও খুব খুশি ডি ক্রুইফের কাজে, ‘সর্বশেষ দক্ষিণ কোরিয়ায় তাঁকে দেখেছিলাম এশিয়ান গেমসে। তাঁর কৌশলের কাছেই তো হেরে গিয়েছিলাম ওই ম্যাচে। আশা করি, বাংলাদেশের ফুটবল তাঁর হাত ধরে আরও এগিয়ে যাবে।’
যে কোচের কাছে ফুটবলের অ-আ-ক-খ শিখেছেন আজ তাঁর দলের বিপক্ষেই খেলতে নামবেন শেনোয়ারি ও দস্তগীর। বেশ রোমাঞ্চিত লাগছে শেনোয়ারির, ‘আমার তো ভালোই লাগছে এটা। আশা করি আজ আমরাই জিতব।’