ক্রুইফের সঙ্গে গোলরক্ষক কোচও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল দলের জন্য এর আগেও বিদেশি গোলরক্ষক কোচ আনা হয়েছে। সেই উদ্যোগ স্থায়ী হয়নি। অল্প কিছুদিন পরই বিদায়। তবে এ মাসেই ঢাকায় এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবল সামনে রেখে একজন বিদেশি গোলরক্ষক কোচ আনা হচ্ছে। জাতীয় দলের কোচ লোডভিক ডি ক্রুইফের চাহিদা পূরণেই আবার এই উদ্যোগ। ক্রিস্টিয়ান শুয়েইসার নামের এই জার্মান কোচের আজ ভোরে ডি ক্রুইফের সঙ্গেই ঢাকায় আসার কথা।
নতুন গোলরক্ষক কোচের সঙ্গে এখনো কোনোরকম চুক্তি হয়নি। ঢাকায় আসার পর তাঁকে দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত। তবে ডি ক্রুইফ যেহেতু পছন্দ করে আনছেন, কাজেই এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্ট পর্যন্ত তিনি থাকছেন, এটা মোটামুটি নিশ্চিত। এরপর লম্বা সময়ের জন্য রাখা, না-রাখার সিদ্ধান্ত।
২৭-৩১ মার্চ বঙ্গবন্ধু স্টেডিয়ামে এএফসির এই অনূর্ধ্ব টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপসঙ্গী ভারত, সিরিয়া ও উজবেকিস্তান। ১০টি গ্রুপ চ্যাম্পিয়নের সঙ্গে পাঁচটি সেরা রানার্সআপ দল উঠবে চূড়ান্ত পর্বে। এই টুর্নামেন্ট ২০১৬ রিও অলিম্পিকের বাছাইপর্ব হিসেবেও গণ্য হবে। আপাতত এএফসির টুর্নামেন্টে চূড়ান্ত পর্বে ওঠার চ্যালেঞ্জ নিয়েই বাংলাদেশ দল প্রস্তুতি শুরু করেছে দুই দিন আগে।