ক্রুইফ-শিষ্যের হাতে নির্মাণভার

বাফুফের একাডেমির কোচ হিসেবে শোনা যাচ্ছিল বার্সেলোনার সাবেক ফুটবলার গঞ্জালো সানচেজ মোরেনোর নাম। কিন্তু যুব ফুটবল নিয়ে কাজ করলেও এই কোচের নিয়োগ শেষ পর্যন্ত একাডেমির জন্য নয়। বাফুফের যুব কোচ হিসেবে ঢাকায় থেকে কাজ করবেন এই স্প্যানিয়ার্ড।
আপাতত ছয় মাসের নিয়োগ, চুক্তি হবে দু-এক দিনের মধ্যেই। মূলত কাজ করবেন অনূর্ধ্ব-১৯ দল নিয়ে। অনূর্ধ্ব-১৬ দলও পাবেন। এই দুটি দল থেকে ২১ জন খেলোয়াড় বেছে আগামী আড়াই মাসে ৭০টি অনুশীলন সেশন করবেন। তারপর ম্যাচ আয়োজন করে মূল্যায়ন করা হবে নতুন কোচকে। ১৫ অক্টোবর শুরু এই মিশনে সঙ্গে পাবেন জার্মান গোলরক্ষক কোচ ক্রিস্টিয়ান শোয়েচলার ও স্থানীয় কোচ সাইফুল বারীকে।
একাডেমি বাদ দিয়ে ঢাকায় যুব দলের জন্য হঠাৎ কোচ নেওয়ার কারণটা বললেন সালাউদ্দিন, ‘একাডেমির জন্য দ্রুতই বিদেশি কোচ আনব আমরা। তা ছাড়া একাডেমির খেলোয়াড় তৈরির প্রক্রিয়াটা লম্বা। আমরা দ্রুত কিছু খেলোয়াড় তুলে আনতে চাই জাতীয় দলের জন্য। সেই খেলোয়াড় তুলে আনার দায়িত্বটাই মোরেনোকে দেওয়া হচ্ছে।’ এর মাধ্যমে বাংলাদেশের ফুটবল দীর্ঘদিন পর শুধুই যুব দলের জন্য একজন বিদেশি কোচ পাচ্ছে। ১৯৭৮ সালে ঢাকায় এশিয়ান যুব ফুটবলের জন্য বাংলাদেশের যুব দলের কোচ করে আনা হয়েছিল জার্মানির বেকেলহফটকে। পরে অবশ্য তাঁকে জাতীয় দলের দায়িত্বও দেওয়া হয়।
মোরেনোর জাতীয় দল পাওয়ার আপাতত কোনো সম্ভাবনাই নেই। যুব ফুটবল উন্নয়নেই তাঁকে চায় বাফুফে। ১৯৮৩ সালে বার্সার একাডেমিতে নবীন খেলোয়াড় ছিলেন—এটাই বিবেচনা করা হয়েছে তাঁর ক্ষেত্রে। সালাউদ্দিন বলছেন, ‘লম্বা সময় বার্সার একাডেমিতে থাকা মানে অনেক কিছুই তিনি কাছ থেকে দেখেছেন। আশা করি সেটাই এ দেশে কাজে লাগাবেন।’ একাডেমির ছাত্রত্ব শেষে মূলত বার্সা ‘বি’ দলে খেলেছেন। মূল দলেও ডাক পান এই রাইটব্যাক। সেই স্মৃতিচারণাই কাল করছিলেন, ‘ইয়োহান ক্রুইফ ছিলেন আমার শিক্ষক। তাঁর কাছে অনেক কিছু শিখেছি। গার্দিওলার সঙ্গে খেলেছি, পুয়োলসহ আরও অনেকেই ছিল আমার সতীর্থ।’ বাংলাদেশে কাজ করা প্রসঙ্গে বললেন, ‘ছয় মাস সময়ে আমি কিছু কাজ করে দেখাতে চাই।’
ইউনিসেফ বাংলাদেশের শীর্ষস্থানীয় কর্মকর্তা তাঁর স্ত্রী, সুবাদে গত জুনে ঢাকা এসেছেন। এখানে বাসা আছে, কাজেই বাফুফেকে আবাসন দিতে হবে না। পারিশ্রমিকও বেশি নয়। ৪৩ বছর বয়সী মোরেনোর কোচিং অভিজ্ঞতার দিকটা তাই বড় হয়ে ওঠেনি বাফুফের কাছে। গত বছর মাদাগাসকারের প্রিমিয়ারের দল সিএনপিএসকে লিগে চ্যাম্পিয়ন করার অভিজ্ঞতাকেই যথেষ্ট মনে করা হয়েছে।