ক্রুসিয়ানির সেরা রোনালদোই

আজ রাতেই বিশ্ব জেনে যাবে এই ধরণির সেরা খেলোয়াড়ের নাম। ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি না ম্যানুয়াল নয়্যার—কার হাতে উঠবে এই অনন্য পুরস্কারটি! নানা মুনির নানা মত। পৃথিবী বিভক্ত নিজ নিজ সমর্থন নিয়ে। ফুটবলপ্রেমীদের চা-কফির কাপে ঝড়। মেসি-ভক্তদের আশা এক বছর পর এই পুরস্কার আবারও উঠবে তাঁদের প্রিয় খেলোয়াড়ের হাতে। রোনালদো-ভক্তরা মনে-প্রাণে অপেক্ষায় টানা দ্বিতীয়বারের মতো ‘সিআর-সেভেনে’র উল্লাস উপভোগ করতে। ভিন্নতাবাদীরা চান, নাহ, এবারের পুরস্কারটা উঠুক জার্মান গোলরক্ষক ম্যানুয়াল নয়্যারের হাতেই।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কোচ ডিয়েগো ক্রুসিয়ানিকে মনে আছে? মেসি-ভক্ত মানুষ। আর্জেন্টাইন মহাতারকাকে তিনি বিশ্বের সেরা ফুটবলার হিসেবেই মনে করেন। তবে আজকের ব্যালন ডি’অর পুরস্কারটা যে তাঁর স্বদেশির হাতে উঠছে—এ কথা বিশ্বাস করেন না তিনি। সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রথম আলোর সঙ্গে একান্ত আলাপচারিতায় তিনি জানিয়েছেন, মেসি নন এবারের ব্যালন ডি’অর পেতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদোই।
মেসি-ভক্ত ক্রুসিয়ানির মুখে এমন কথা শুনে কিছুটা অবাক হতে পারেন, কিন্তু বাংলাদেশের সাবেক আর্জেন্টাইন কোচ নিজের অভিমত দিয়েছেন বেশ ভেবে-চিন্তেই। তিনি বলেন, যেকোনো বিচারেই এবার ব্যালন ডি’অর রোনালদোরই পাওয়া উচিত। কারণ মেসি দারুণ ফুটবলার হলেও ২০১২ সালের পর তাঁর পারফরম্যান্স ঔজ্জ্বল্য হারিয়েছে। এই মুহূর্তে বিশ্বসেরা ফুটবলার রোনালদো আর এটা সে মাঠেই প্রমাণ করেছে।’
ম্যানুয়েল নয়্যার ভালো গোলরক্ষক হলেও ক্রুসিয়ানি ব্যালন ডি’অর বিজয়ী হিসেবে কোনোভাবেই তাঁকে দাঁড় করাতে পারছেন না। সবশেষে তিনি জানিয়েছেন, ব্যক্তিগতভাবে এসব পুরস্কারে তাঁর বিশ্বাস নেই। মেসি-রোনালদোরা সেরা নাকি এটা কোনো নির্দিষ্ট পুরস্কার দিয়ে প্রমাণ করতে হয় না। নিজেদের গুণেই তাঁরা মহিমান্বিত। এসব পুরস্কারের উদ্দেশ্য পুরোপুরি বাণিজ্যিক।